আজ মনীষার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা মনীষা কৈরালার আজ বিয়ে। পাত্র সম্রাট দাহাল। তাঁর বাবা নেপালের একজন বিশিষ্ট ব্যবসায়ী। মনীষার বয়স এখন ৩৯ বছর। পাত্র সম্রাট অবশ্য তাঁর চেয়ে বছর সাতেকের ছোট। মনীষার সঙ্গে সম্রাটের পরিচয় হয়েছে এক বছর আগে। সম্রাট যুক্তরাষ্ট্র থেকে অণুজীববিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। মনীষার বিয়ের অনুষ্ঠান হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১০ কিলোমিটার পূর্বে গোকর্ন ফরেস্ট রিসোর্টে। বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে মাত্র দেড় শ অতিথিকে। দুই দিন পর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে কাঠমান্ডুর বিলাসবহুল হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায়।বিয়েতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে নেপালের প্রেসিডেন্ট রামবরণ যাদব, প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, মাওবাদী নেতা প্রচণ্ড, নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্রসহ ভারতের বিশিষ্টজনদের। এই তালিকায় আছেন বলিউড তারকা গোবিন্দও। বিয়ে অনুষ্ঠানে অবশ্য সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নেই।মনীষা নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার নাতনি। এর আগে অবশ্য নেপালে নিযুক্ত অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত ক্রিসপিন কনরয় এবং মার্কিন লেখক ক্রিস্টোফার ডোরিসের সঙ্গে মনীষার সম্পর্ক নিয়ে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু সেসব খবর উড়িয়ে দিয়ে মনীষা বিয়ে করছেন সম্রাটকে। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তিন হাজার অতিথিকে। জানা গেছে, মনীষা আজ বিয়েতে মেরুন রঙের বেনারসি শাড়ি পরবেন। এই শাড়িটি উপহার দিচ্ছেন মনীষা পরিবারের সুহূদ ও কাশী বিদ্যাপীঠের সাবেক শিক্ষক সুরেন্দ্র প্রতাপ। মনীষার বাবা প্রকাশ কৈরালা ও মা সুশীলা কৈরালা বিয়েতে উপস্থিত থেকে মনীষাকে পাত্রস্থ করবেন।বলিউডে একসময়ের জনপ্রিয় তারকা মনীষা ১৯৪২ এ লাভ স্টোরি, বম্বে, দিল সের মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন কাড়েন।