আজ মাছরাঙায় মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২
আজ সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২’। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় জমকালো আয়োজন। এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা তহবিল গঠন। সেই তহবিলে এ পর্যন্ত জমা পড়েছে এক কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ২০৮ টাকা। অনুষ্ঠানে এবার আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় শিল্পী রাম কানাই দাশকে। তারকা জরিপ পুরস্কারের ছয়টি বিভাগ এবং টিভি-চলচ্চিত্রের আটটি সমালোচক পুরস্কারের ফাঁকে ফাঁকে শিল্পীরা মঞ্চে আসেন তাঁদের পরিবেশনা নিয়ে। প্রেমা ও তাঁর দল পরিবেশন করে নাচ। গানের সঙ্গে মঞ্চ মাতান শাকিব খান ও জয়া আহসান। চলচ্চিত্রের তিন দশকের জনপ্রিয় গানের সঙ্গে নাচ পরিবেশন করেন মাহি-বাপ্পী, শখ-নিশো ও মীম-আরিফিন শুভ। দেশের অস্থির সময়কে উপজীব্য করে তুষার খান, শামীম জামান, সাজু খাদেম, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, রুনা খান ও শামীম পরিবেশন করেন ‘গ্যাঞ্জাম স্টাইল’। চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত-বর্ষা মঞ্চে আসেন বেশ চমক দিয়ে। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও রুমানা মালিক মুনমুন নাটকীয় কায়দায় এ অনুষ্ঠানটি উপস্থাপন করেন।