আজ মুক্তি পাচ্ছে 'চোখের দেখা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখের দেখা ছবিতে সাইমন ও অহনা
চোখের দেখা ছবিতে সাইমন ও অহনা

চোখের দেখা ছবির মুক্তির কথা ছিল গেল দুই ঈদের মাঝের সময়টায়। কিন্তু সেই সময় মুক্তি পায়নি ছবিটি। মুক্তির তারিখ নানা কারণে পেছাতে থাকে। অবশেষে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে সাইমন ও অহনা অভিনীত এই ছবি।
চোখের দেখা ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে পরিচালক পি এ কাজল বলেন, ‘দুই ঈদের মাঝের সময়টায় দেশের বিভিন্ন জায়গায় বন্যা ছিল। এ কারণে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।’ এখন ছবি মুক্তি দেওয়ার বিষয়ে কারণ জানতে চাইলে নির্মাতা বলেন, ‘চলচ্চিত্রের জন্য এই সময়টা ভালো মনে হচ্ছে। বর্তমান সময়ে সিনেমার প্রতি দর্শকের একটু আগ্রহ বেড়েছে।’
ছবিটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন ছবির নায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘পরিচালক পি এ কাজল চলচ্চিত্রের একজন গুণী নির্মাতা। তাঁর কাজে সব সময়ই নতুনত্ব থাকে। প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে বসেই তা বুঝতে পারবেন দর্শকেরা।’ এ ছবিতে সাইমনের সঙ্গে জুটি বেঁধে প্রথম অভিনয় করেছেন অহনা। দর্শক সারিতে বসে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন কি না, জানতে চাইলে এই নায়িকা বলেন, ‘মুক্তির প্রথম দিন (শুক্রবার) বিকেলে সবাই মিলে হলে যাওয়ার কথা আছে।’ চোখের দেখা ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শামস সুমন, শতাব্দী ওয়াদুদ, জ্যাকুলিন মিথিলা, আলেকজান্ডার বো প্রমুখ।