আজ রক গানে মঞ্চ মাতাবে 'বাংলাদেশি আইডল টপ টেন'

রক গানের তালে আজ মঞ্চ মাতাবে ‘বাংলাদেশি আইডল’-এর সেরা ১০ প্রতিযোগী। আজ শুক্রবার রাত আটটায় এসএ টিভির পর্দায় হাজির হবেন প্রথম ‘বাংলাদেশি আইডল’ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ১০ জন সেরা সংগীতপ্রতিভা, যাঁদের বাছাই করে আনা হয়েছে পুরো বাংলাদেশ ঘুরে লাখো প্রতিযোগীদের মাঝ থেকে।
সৌভাগ্যবান ১০ প্রতিযোগী হলেন আঁচল, আরিফ, তুরিন, সৌরিন, তালহা, মন্টি, মং, পঙ্কজ, বৃষ্টি ও নন্দিতা। ১০ জন প্রতিযোগীই আজ পরিবেশন করবেন রক গান। বাংলাদেশের রক ঘরানার জীবন্ত কিংবদন্তি আইয়ুব বাচ্চু ‘বাংলাদেশি আইডল’-এর বিচারক। বিচারক হিসেবে আরও থাকছেন সংগীত ব্যক্তিত্ব ফেরদৌসী রহমান, প্লে-ব্যাক আইডল এন্ড্রু কিশোর এবং পপতারকা মেহরীন।
আজকের রক পর্ব প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘আজ রক গানের অনবদ্য একটি পর্ব প্রচারিত হবে। ১০ জন প্রতিযোগীর কণ্ঠে সরাসরি রক পারফরম্যান্স দেখেশুনে আমি প্রায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এই ১০ জনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের আগামীর রক আইডল।’
আজকের রক গান পারফরম্যান্সের সেরা ১০ জন থেকে একজন প্রতিযোগী দর্শক ভোটে বাদ পড়বেন, নয়জন এগিয়ে যাবেন পরবর্তী রাউন্ডে। অনুষ্ঠান চলার সময় ভোট গ্রহণ শুরু হবে, চলবে আগামী রোববার রাত ১২টা পর্যন্ত।