আজ রাতে ঢাকা আসছেন ঋতুপর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার রাতে ঢাকায় আসছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অবশ্য তাঁর এবারের ঢাকা সফর কোনো ছবির শুটিংয়ের জন্য নয়; ঋতুপর্ণা ঢাকায় আসছেন বাংলাদেশে জার্মানির সৌন্দর্য-পণ্য ‘ডুলগন’-এর আনুষ্ঠানিক বাজারজাতকরণ উপলক্ষে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে ঋতুপর্ণা এবং বাংলাদেশ থেকে ফেরদৌসকে ডুলগনের ‘শুভেচ্ছা দূত’ নির্বাচিত করা হয়েছে।বাংলাদেশে ‘ডুলগন’-এর আনুষ্ঠানিকভাবে বাজারজাতকরণ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকালে গুলশানের হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন ফেরদৌস ও ঋতুপর্ণা এবং পণ্যপ্রতিষ্ঠানটির উপদেষ্টা আসাদুর খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক শেখ বাদল আহমেদসহ আরও অনেকে।ঋতুপর্ণার বাংলাদেশে আসার বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন বাংলাদেশে ডুলগনের উপদেষ্টা আসাদুর খন্দকার। তিনি জানান, ফেরদৌস ও ঋতুপর্ণা দুজনই ডুলগন পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। বাংলাদেশে পণ্যটির বাজারজাতকরণ উপলক্ষে ঋতুপর্ণাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার বিকেলেই ঋতুপর্ণা ঢাকা ছাড়বেন।হুমায়ুন ফরীদি, মান্না, আমিন খান, ফেরদৌস ও হেলাল খানের বিপরীতে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা বিভিন্ন সময়ে ঢাকার ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন।এ বছরের শুরুতে চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবির শুটিংয়ে ঢাকায় এসেছিলেন ঋতুপর্ণা। এ ছাড়া গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল শিরোনামের একটি ফ্যাশন শোতে অংশ নিতে গত ফেব্রুয়ারিতেও ঢাকা এসেছিলেন ঋতুপর্ণা।