আজ রেড কার্পেট মাছরাঙায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৬’-এর রেড কার্পেটে নন্দিতা, রুম্মান রশীদ খান ও চঞ্চল
‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৬’-এর রেড কার্পেটে নন্দিতা, রুম্মান রশীদ খান ও চঞ্চল

লালগালিচায় দেশের সংস্কৃতি ও বিনোদন জগতের উজ্জ্বল তারকারা নিজেদের দ্যুতি ছড়িয়ে হেঁটে যাচ্ছেন। সেই দ্যুতির সঙ্গে যোগ হয়েছে তাঁদের ব্যক্তিত্ব ও ফ্যাশন-ভাবনাও। সেই সঙ্গে হাস্যরসে ভরপুর প্রশ্নোত্তর পর্ব তো রয়েছেই। এসব একসঙ্গে দেখার সুযোগ মেলে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৬’-এর রেড কার্পেট আয়োজনে। আজ এই জমকালো অনুষ্ঠানটি দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে রাত সাড়ে ১০টায়।

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৬’। পুরস্কার অনুষ্ঠানটির ১৯তম এ আসরের সঞ্চালক ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের টিভি, চলচ্চিত্র ও সংগীতজগতের তারকারা। মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রতিবছরের মতো এবারও তারকাদের রেড কার্পেট হয়ে যেতে হয়েছে। ১১তম বারের মতো এ বছরও এই পর্বটি সঞ্চালনা করেন রুম্মান রশীদ খান। তাঁর সঙ্গে আরও ছিলেন নন্দিতা।

এবারের রেড কার্পেটে যাঁদের দেখা গেছে, তাঁদের মধ্যে ছিলেন সৈয়দ হাসান ইমাম, আমজাদ হোসেন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ফারুক, কবরী, সুবর্ণা মুস্তাফা, চঞ্চল চৌধুরী, আসিফ আকবর, ইমরান, কনা, পড়শী, মেহজাবীন, নাদিয়া, নাঈম, অনিমেষ আইচ, ভাবনা, অমিতাভ রেজা, নাবিলা, বুবলী, কামার আহমেদ সাইমন, আফরান নিশো, সাঁঝবাতিসহ আরও অনেকে। রেড কার্পেট প্রযোজনা করেছেন জেড এইচ ফয়সাল।

এদিকে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৬-তে এবারই প্রথম দেখা মিলল উপস্থাপক পূর্ণিমার। প্রথমবারই তিনি তাঁর সপ্রতিভ উপস্থাপনায় জয় করলেন সবার মন। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘বিনোদন সারা দিন’-এ আজ দেখা যাবে পূর্ণিমার উপস্থাপনার অভিজ্ঞতার বয়ান। সন্ধ্যা সাড়ে ৬টায় এ অনুষ্ঠানটি প্রচারিত হবে।