আজ লক্ষ্যাপারের শাস্ত্রীয় সংগীত সম্মেলন
নারায়ণগঞ্জে অনেক বছর আগে শাস্ত্রীয় সংগীতের আসর বসত জমিদার কিংবা কোনো সম্ভ্রান্ত পরিবারের বাড়ির আঙিনায়। রাতভর চলত ওই আসর। ওই সব আসরে সাধারণ কারও প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু শীতলক্ষ্যা নদীর পারের এই এলাকায় সাধারণ মানুষের মধ্যে সংগীতচর্চার একটা ইতিহাস আছে। সেই ঐতিহ্যকে মনে করিয়ে দিতে গত বছর পৌষ মাসের ৩ তারিখে লক্ষ্যাপার আয়োজন করে শাস্ত্রীয় সংগীত সম্মেলন। এবার হচ্ছে দ্বিতীয়টি। তবে আজ ১৬ পৌষে। নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে এই আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে পাঁচটায়। উদ্বোধন করবেন পণ্ডিত রামকানাই দাশ। টানা চলবে ভোর সাড়ে ছয়টা পর্যন্ত।দ্বিতীয় লক্ষ্যাপার শাস্ত্রীয় সংগীত সম্মেলনের সমন্বয়ক অসিত কুমার জানান, ১৩ ঘণ্টার এই আয়োজনে শিল্পীরা খেয়াল, ধ্রুপদ, তারানা, ঠুমরি গান পরিবেশন করবেন। থাকবে বাদ্যযন্ত্রের পরিবেশনাও। এর মধ্যে আছে সেতার, সরোদ, এস্রাজ, তবলা, বাঁশি ও গিটার।অসিত কুমার বললেন, ‘এ ধরনের একটি শাস্ত্রীয় সংগীত সম্মেলনের আয়োজন করার জন্যই বন্ধুরা মিলে একটি সংগঠন গড়েছি। আর তার নাম দিয়েছে লক্ষ্যাপার। শাস্ত্রীয় সংগীতের চর্চা বাড়ানো এবং শোনার ব্যাপারে সবার আগ্রহ সৃষ্টিই আমাদের এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি যাঁরা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, এর মধ্য দিয়ে তাঁদেরও সম্মানিত করছি।’শাস্ত্রীয় সংগীত সম্মেলন উপলক্ষে নারায়ণগঞ্জের মাধ্যমিক পর্যায়ের ২৮টি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেরা ছয়জনকে আজ পুরস্কার দেওয়া হবে।অসিত কুমার আরও বললেন, এখন থেকে প্রতি পৌষ মাসেই নিয়মিত এই সম্মেলনের আয়োজন করা হবে। পাশাপাশি শাস্ত্রীয় সংগীতের প্রসার ঘটানোর বৃত্তির ব্যবস্থাও করা হবে।