আজ লরা কোর্টেজ অ্যান্ড দ্য ড্যান্স কার্ডের গান

সংগীত মিশে আছে লরা কোর্টেজের রক্তেই। লিরিকনির্ভর মার্কিন লোকসংগীতের ধারায় অনুপ্রাণিত লরা পড়াশোনা করেছেন সংগীত নিয়ে। বোস্টনের বার্কলি কলেজ অব মিউজিকে। সেখানে পড়াশোনা করেছেন বেহালা নিয়ে। অভিজ্ঞতা আছে মার্কিন লোকসংগীতের পুরোধা পিট সিগারের সঙ্গে কাজ করার।
গত বছর বেরিয়েছে তাঁর অ্যালবাম ইনটু দ্য ডার্ক। এই অ্যালবামে কাজ করতে এসে লরার সঙ্গে জুটি বেঁধেছেন ভ্যালেরি টমসন ও ম্যারিয়েল ভ্যান্ডারস্টিল। এই ত্রয়ীর জোট নিজেদের পরিচয় করিয়ে দেন ‘লরা কোর্টেজ অ্যান্ড দ্য ড্যান্স কার্ডস’ নামে।
টমসন সুখ্যাত জ্যাজ পিয়ানিস্ট ফ্রেড হার্শ, ইন্ডি-রক আইকন আমান্ডা পালমারের সঙ্গে কাজ করেছেন। ভ্যান্ডারস্টিলও ছিলেন বার্কলি কলেজ অব মিউজিকের শিক্ষার্থী।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ‘আমেরিকান মিউজিক অ্যাবরড’ কর্মসূচির আওতায় ৪০০টি ব্যান্ডদলের মধ্য থেকে তাদের নির্বাচন করা হয়েছে সম্প্রতি। মার্কিন লোকসংগীতের সুরমূর্ছনা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে গত জানুয়ারি থেকে বিভিন্ন দেশ সফর করছে তারা। এরই অংশ হিসেবে এসেছে বাংলাদেশে। আজ গান করবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ছয়টায়। তাদের সঙ্গে আরও গান করবে জলের গান।
কনসার্টের টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে দি আমেরিকান সেন্টার, (জে ব্লক, প্রগতি সরণি, বারিধারা); ইএমকে সেন্টার (মাইডাস সেন্টার, ৯ম তলা, বাড়ি ৫, সড়ক ১৬ (পুরোনো)/২৭ (নতুন) ধানমন্ডি; পিৎজা হাট (গুলশান ও ধানমন্ডি); নর্থ অ্যান্ড কফি রোস্টার্স (খ-৪৭-১ বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউ); আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা (ধানমন্ডি); দেশাল (শাহবাগ ও বনানী)।