আজ শাস্ত্রীয় সংগীত উৎসব
আজ সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বেঙ্গল-আইটিসি এসআরএ শাস্ত্রীয় সংগীত উৎসব’। বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন এবং ভারতের আইটিসি ও এসআরএ-এর আয়োজনে এই উৎসবে সহায়তা করছে প্রথম আলো। উৎসবটি চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে প্রতিদিন সুরের মূর্ছনায় মোহিত করবেন শাস্ত্রীয় সংগীতের বরেণ্য সব সংগীতকার। তাঁদের সেই অপূর্ব সুর-মাধুর্যে ভেসে যাওয়ার আগে এবার চটজলদি জেনে নেওয়া যাক তাঁদের কয়েকজনের সম্পর্কে...বিদুষী গিরীজা দেবীঠুমরির শেষ জীবন্ত কিংবদন্তি গিরীজা দেবী। জমিদারকন্যা তিনি। ১৯২৯ সালে ভারতের উত্তর প্রদেশে জন্ম। পূরব অঙ্গের গায়কি পরম্পরায় একমাত্র জীবিত শিল্পী তিনি। পদ্মভূষণে ভূষিত এই মহীয়সী শাস্ত্রীয় সংগীত উৎসবের তৃতীয় দিন ১ ডিসেম্বর বসবেন আসরে। পণ্ডিত বিরজু মহারাজতাঁর নাম বললেই কত্থকের ঘুঙুরের শব্দ কানে বাজে। পণ্ডিত বিরজু মহারাজ নামেই খ্যাত তিনি। এই নামের আড়ালে ঢাকা পড়ে গেছে তাঁর বাবা-মায়ের দেওয়া ব্রিজমোহন মিশ্র নামটি। কত্থকে অষ্টম প্রজন্মের ঐতিহ্য বহন করা এই নৃত্যকরের নাচের বৈশিষ্ট্য হলো, লক্ষৌ ঘরানার নাটকীয়তা, দ্রুততা ও আভিজাত্য। উৎসবের তৃতীয় দিনে দর্শক তাঁর সেই নাটকীয় নৃত্যের আভিজাত্যেই মন ভেজাবেন আরেকবার।পণ্ডিত কুমার বোসতবলার বোল ও রাগ সংগীতের মূর্ছনায় বেড়ে উঠেছেন পণ্ডিত কুমার বোস। তাঁর মা ছিলেন শিল্পী—ওস্তাদ আলী আকবর খানের ছাত্রী। তাঁদের বাড়িতে শচীন দেববর্মণসহ বড় বড় শিল্পীর আনাগোনা ছিল। তবে বেনারস ঘরানার এই শিল্পী তবলায় প্রথম তালিম পেয়েছেন বাবা বিশ্বনাথ বোসের কাছে। এবার তিনি তবলায় নান্দনিক আবহ জাগাবেন ১ ডিসেম্বর।ওস্তাদ রশিদ খানহতে চেয়েছিলেন ক্রিকেটার কিন্তু হয়ে গেলেন শাস্ত্রীয় সংগীতের শিল্পী—ওস্তাদ! কে এই ব্যক্তি? তিনিই রশিদ খান। পণ্ডিত ভীমসেন যোশী তাঁকে এ প্রজন্মের সবচেয়ে সম্ভাবনাময় উচ্চাঙ্গসংগীতশিল্পী বলে উল্লেখ করেছেন। চলচ্চিত্রেও গান গেয়ে থাকেন তিনি। রশিদ খানের গান শোনা যাবে উৎসবের দ্বিতীয় দিন ৩০ নভেম্বর। পণ্ডিত অজয় চক্রবর্তীঅজয় চক্রবর্তীর পূর্বপুরুষ বাংলাদেশের কিশোরগঞ্জের অধিবাসী। তাঁর বাবা সব যোগ্যতা থাকা সত্ত্বেও গাইয়ে হতে পারেননি। তাই ছেলেকে শিল্পী বানিয়ে ‘পণ্ডিত’ হিসেবে গড়ে তুলেছেন। সেই পণ্ডিত অজয় চক্রবর্তীর গান শুনতে হলে চলে আসুন আজ উৎসবের প্রথম দিনে। পণ্ডিত হরপ্রসাদ চৌরাসিয়াতিনি আসছেন আগামী ২ ডিসেম্বর, উৎসবের শেষ দিনে। কুস্তিগীর পিতার সন্তান হয়েও চেষ্টা ও অধ্যবসায়ের গুণে পেয়েছেন শ্রেষ্ঠ বাঁশিবাদকের সম্মান। তাঁর বাঁশি সামনাসামনি বসে শোনার জন্য নিশ্চয় এখন থেকেই মন আনচান করছে সবার।বিদুষী আলারমেল ভালি ভারতের চেন্নাইয়ে জন্ম। ভারতের পদ্মশ্রী ও পদ্মভূষণ উপাধি পাওয়া এই নৃত্যশিল্পী দ্বীপশিখা নামের কলাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, যেখানে তিনি ভরতনাট্যমের শিক্ষকতাও করেন। ভরতনাট্যমে দক্ষ এই শিল্পীর পরিবেশনা থাকবে উৎসবের শেষ দিনে।ওস্তাদ শাহাদাত হোসেন খানবাংলাদেশের কুমিল্লায় জন্ম ওস্তাদ শাহাদাত হোসেন খানের। তিনি ওস্তাদ আবেদ হোসেন খানের একমাত্র ছেলে। ওস্তাদ আয়েত আলী খান ছিলেন তাঁর পিতামহ। শাহাদাত হোসেন খান সরোদে পারদর্শী। বাবার কাছেই সরোদে হাতেখড়ি। তাঁর বাদন শুনতে পাবেন আজ ২৯ নভেম্বর উৎসবের প্রথম দিন।