আজ শিল্পকলায় স্বপ্নদলের হরগজ মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ সালে মানিকগঞ্জ জেলার হরগজ নামক জায়গায় সংঘটিত প্রলয়-সদৃশ টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২ সালে সেলিম আল দীন রচনা করেছিলেন নাটক ‘হরগজ’। শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটি মঞ্চস্থ করবে নাট্য সংগঠন স্বপ্নদল। নাটকটির নির্দেশনা দিয়েছেন সেলিম আল দীনের ছাত্র জাহিদ রিপন।নাটকটির নির্দেশক ও স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানিয়েছেন, টর্নেডো পরবর্তী সর্বপ্রথম উদ্ধার পর্বে একদল ত্রাণকর্মীর দেখা প্রকৃতি ও প্রাণিজগত লণ্ডভণ্ড হয়ে যাওয়ার অভূতপূর্ব বাস্তবতাই এ নাটকের উপজীব্য। হরগজ পরিণত হয় বিশ্ব-ভাঙা মানব ভুবনের রূপক।‘হরগজ’ নাটকের অভিনয়শিল্পীরা হলেন সোনালী, শরীফ, শ্যামল, সুকন্যা, ইমন, রেজাউল, সামাদ, শিশির, শাহিন, মিতা, মণি, মোস্তাফিজ, মনির, শিলা, মাধুরী, রেজা, চঞ্চল, জাহিদ প্রমুখ। নাটকটির আলোক-পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান। আর মঞ্চ-পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ ও আল-আমিন। ‘হরগজ’ প্রযোজনার সর্বশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছিল গত আগস্টে। স্বপ্নদল আগামীতে মঞ্চে আনতে যাচ্ছে সেলিম আল দীনের পূর্ণাঙ্গ প্রযোজনা ‘স্বর্ণবোয়াল’।