আজ শিল্পী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দুই বছরমেয়াদি কমিটির এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদের বিপরীতে দুজন স্বতন্ত্রসহ তিন প্যানেল থেকে মোট প্রার্থী হয়েছেন ৫৭ জন। ভোটারসংখ্যা ৬২৪। নির্বাচন কমিশনের চেয়ারম্যান চিত্রনির্মাতা মনতাজুর রহমান আকবর জানিয়েছেন, সকাল নয়টা থেকে বিএফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহণ শুরু হবে। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে তা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই নির্বাচন নিয়ে কিছু টুকরো খবর জানাচ্ছেন মনজুর কাদের ও শফিক আল মামুন

.
.

দুই ‘মামা’ দুই প্যানেলে

সিনেমায় ফেরদৌস ও রিয়াজের আসা কাছাকাছি সময়ে। কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্বও গড়ে ওঠে। তবে তাঁরা একে অপরকে ডাকেন ‘মামা’ বলে। সিনেমাপাড়ার সবাই তাঁদের এই সম্পর্কের কথা জানেনও। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে এই দুই ‘মামা’ দুই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিয়াজ এক প্যানেল থেকে সহসভাপতি এবং ফেরদৌস আরেক প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য হওয়ার জন্য লড়ছেন। সবাই নিজেদের অবস্থান থেকে সহকর্মী শিল্পীদের কাছে নিজেদের জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন। দুজনেই নিজেদের পদে জয়লাভের ব্যাপারে আশাবাদী। 

.
.

দুই বন্ধুর নির্বাচন

নিরব ও ইমন দুজনই কাছের বন্ধু। দুজনেরই শুরু বিজ্ঞাপনচিত্র দিয়ে। এরপর ছোট পর্দায় অভিনয়, সবশেষে বড় পর্দায়। এবার তাঁরা নির্বাচনেও প্রার্থী হয়েছেন একই সঙ্গে, একই প্যানেল থেকে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে লড়ছেন তাঁরা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইমন আর নিরব লড়ছেন কার্যনির্বাহী সদস্যপদে। প্রচারণাও করছেন একসঙ্গে। গত সোমবার বিএফডিসির ক্যানটিনে প্রচারণার ফাঁকে দুই বন্ধুকে এক টেবিলে দেখা গেল। নির্বাচনী প্রচারণা আর জয়-পরাজয় নিয়ে তাঁদের কাছে একজন জানতে চাইলে মজা করে ইমন বলেন, ‘জিতলেও একসঙ্গে জিতব, হারলেও একসঙ্গে।’

.
.

সর্বকনিষ্ঠ প্রার্থী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী অমৃতা খান। ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে সহসভাপতি পদে লড়ছেন তিনি। ২০ বছর বয়সী এই অভিনেত্রীর জন্য এটি এক বিরল অভিজ্ঞতা। অমৃতা বলেন, ‘কম বয়স হওয়ার কারণে প্রথমে অনেকেই সহজভাবে আমাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারেননি। তবে এখন উত্সাহিত করছেন।’ নবীনদের জন্য শিল্পী সমিতিতে একজন প্রতিনিধি থাকা দরকার বলে মনে করেন অমৃতা খান। জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।

.
.

একে অপরের জন্য ভোট চাইলেন তাঁরা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিজেদের পদের জন্য একে অপরের কাছে ভোট চাইলেন মৌসুমী ও পূর্ণিমা। সম্প্রতি প্রথম আলোর একটি অনুষ্ঠানে এসে উপস্থিত অতিথিদের সামনে তাঁরা একে অপরকে ভোট দেওয়ার অঙ্গীকারও করেন। হাসিমুখে পূর্ণিমা বললেন, ‘আপনি যদি আমাকে ভোট দেন, আমিও আপনাকে দেব।’ অনুজ সহশিল্পীর কাছ থেকে এমন কথা শুনে সায় দেন মৌসুমীও।

চলচ্িচত্র শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে কার্যকরী কমিটির সদস্য হিসেবে লড়ছেন মৌসুমী। আর একই পদের জন্য পূর্ণিমা লড়ছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে।

.
.

কে হাসবেন শেষ হাসি?

অমিত হাসান, ইলিয়াস কোবরা, জায়েদ খান—তিন প্যানেলের তিন সাধারণ সম্পাদক প্রার্থী। গুরুত্বপূর্ণ এই পদটি ঘিরে এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এর আগে সমিতির কয়েক দফার নির্বাচনে এই পদে লড়েছেন অমিত হাসান ও ইলিয়াস কোবরা। তবে জায়েদ খান এবারই প্রথম এই পদের জন্য লড়াই করছেন। অতীতের অভিজ্ঞতা নিয়ে অমিত হাসান কিংবা ইলিয়াস কোবরা জয়লাভ করবেন? নাকি নতুন হিসেবে চমক দেখাবেন জায়েদ খান? শেষ হাসি কে হাসবেন, তা জানতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না।