মাছরাঙা টিভিতে আজ রাতে স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। আজ গান করবেন নন্দিতা ইয়াসমিন। কথা হলো তাঁর সঙ্গে।আজকের অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?৬ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তাই আজকের অনুষ্ঠানটি হবে আমার কবিপ্রণাম। তাঁকে নিবেদন করে আজ শুধু তাঁর কয়েকটি গান করব। পাশাপাশি বর্ষার গানও করব। দুই ঘণ্টার অনুষ্ঠান। ১৬টি গান গাওয়ার প্রস্তুতি নিয়েছি। দর্শকের অনুরোধও তো রাখতে হবে।বাইশে শ্রাবণ উপলক্ষে আর কোনো অনুষ্ঠানে গান করবেন?হ্যাঁ, বিভিন্ন টিভি চ্যানেলে গান করব। তবে বাইশে শ্রাবণের আগের দিন রোববার দুপুরে চ্যানেল আইতে একটি অনুষ্ঠান করব। ‘ঘরে ঘরে গানের উৎসব’ নামের এই অনুষ্ঠানে আমার সঙ্গে আরও থাকবেন সাদি মহম্মদ। এবার আপনার অ্যালবামের কথা বলুন।রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম বেরিয়েছে ভারতের এইচএমভি থেকে; নাম সুরের বাঁধন। এখানে রবীন্দ্রসংগীতের পূজা ও প্রেমপর্যায়ের গান করেছি। যে গানগুলো একটু কম শোনা যায়, তেমনি কিছু গান গেয়েছি। এইচএমভি কর্তৃপক্ষ জানিয়েছে, গানগুলো নাকি অনেকেই পছন্দ করেছেন। এইচএমভি থেকে এটাই আমার প্রথম অ্যালবাম। বাংলাদেশে পাওয়া যাচ্ছে মগবাজার গ্র্যান্ড প্লাজার ইউনিভার্সেল মিউজিকে।এইচএমভির সঙ্গে আপনার যোগাযোগ হলো কীভাবে?আমি কলকাতার তারা মিউজিক চ্যানেলে ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে চারবার গান গেয়েছি। সেখানে গান শুনেই এইচএমভি কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করে। অ্যালবামটি বের হওয়ার পর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আরও ছিলেন জয়তী চক্রবর্তী, শ্রেয়া গুহঠাকুরতা, শাশা ঘোষাল, প্রমিত সেন, অদিতি গুপ্ত। আমার সঙ্গে তাঁদের অ্যালবামও বেরিয়েছে।