কথোপকথন: মাছরাঙা টিভিতে আজ রাতে স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। আজ গান করবেন সেলিম চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে
আজ শুধু হাসন রাজার গান করব
আজ কোন গানগুলো করবেন?হাসন রাজা মারা যান ১৯২২ সালের ৬ ডিসেম্বর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুধু তাঁর গান করব। হাসন রাজার শ খানেক গানের সুর আমার জানা আছে।হাসন রাজার গানের ব্যাপারে আপনার আগ্রহ কবে থেকে হলো?সুনামগঞ্জে হাসন রাজার প্রতিষ্ঠিত একটি স্কুল আছে। শুরুতে স্কুলটি তাঁর নামেই ছিল। এখন স্কুলটির নাম সুনামগঞ্জ সরকারি জুবিলি স্কুল। আমি এই স্কুলের ছাত্র ছিলাম। এ স্কুলে তখন হাসন রাজার গান শেখানোর একটা ব্যাপার ছিল। আর সুনামগঞ্জ শহরের বাতাসে মনে হতো তাঁর গানের সুর ভেসে বেড়াচ্ছে। তবে তাঁর গানের ব্যাপারে আমার আগ্রহটা বাড়িয়ে দিয়েছিলেন হুমায়ূন আহমেদ।হুমায়ূন আহমেদের সঙ্গে কীভাবে আপনার পরিচয় হয়েছিল?আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন হুমায়ূন আহমেদ ছিলেন আমাদের হাউস টিউটর। এরপর ১৯৯৫ সালে সুনামগঞ্জে আমরা ‘হাসন রাজা উৎসব’ করেছিলাম। তখন হুমায়ূন আহমেদ এই উৎসবে গিয়েছিলেন। কাছ থেকে আমার গান শুনেছেন। এরপর হুমায়ূন আহমেদের বাসায় গিয়ে তাঁকে হাসন রাজার অনেক গান শুনিয়েছি। একবার হুমায়ূন আহমেদের বাসায় এসেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁকেও গান শুনিয়েছিলাম।হাসন রাজার গান নিয়ে অ্যালবাম করলেন কবে?১৯৮৯ সালে আমার প্রথম অ্যালবামের জন্য প্রথম যে গানটি রেকর্ড করেছিলাম, তা ছিল হাসন রাজার গান। পরে হুমায়ূন আহমেদের উৎসাহে এবং তাঁর সহযোগিতায় ১৯৯৭ সালে হাসন রাজার গান নামের একটি অ্যালবাম করেছিলাম। এবার আবার তাঁর গান নিয়ে অ্যালবামের কাজ শুরু করছি। আর এটি প্রকাশ করব আগামী পয়লা বৈশাখে।