হুমায়ূন আহমেদের লেখা কিছু গানে সুর করেছেন এবং তাতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল। আজ হুমায়ূন আহমেদের জন্মদিন। আজ সকালে চ্যানেল আইয়ে ‘গানে গানে সকাল শুরু’ এবং রাতে একাত্তর টিভিতে ‘জয়তু’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে।আজ টিভিতে যে অনুষ্ঠানগুলোয় অংশ নেবেন, সেগুলোতে কী করবেন?আজ শুধু হুমায়ূন আহমেদ স্যারের গান করব। স্যারের লেখা আর তাঁর পছন্দের গানগুলো করব। স্যারকে নিয়ে স্মৃতিচারণা করব। নুহাশপল্লীতে যাওয়ার খুব ইচ্ছা আছে। সুযোগ পেলে সেখানেও যাব।হুমায়ূন আহমেদের জন্মদিন তাঁর সঙ্গে কখনো উদ্যাপন করেছেন?সাত-আট বছরে শুধু একবার ছাড়া স্যারের কোনো জন্মদিনই আমি মিস করিনি। সেই দিনটিতে স্যারের চোখেমুখে অন্য রকম এক আনন্দ দেখতে পেতাম।তাঁর জন্মদিনে কী উপহার দিয়েছেন?অবশ্যই গান। বছর চার-পাঁচেক আগের একটি ঘটনা বলছি, স্যার আমাকে একদিন তাঁর বাসায় ডেকে বললেন, ‘শাওন রাগ করে আছে। কথা বলছে না। তার অভিযোগ, আমি তাদের কোথাও বেড়াতে নিয়ে যাই না। তুমি আমাকে উদ্ধার করো।’ তিনি আমার হাতে একটি কাগজ দিয়ে বললেন, ‘গানটা লিখেছি, তুমি তাতে সুর দাও।’ গানটি হলো: ‘নদীর নামটি ময়ূরাক্ষী, কাক-কালো তার জল’। এর কিছুদিন পরই ছিল স্যারের জন্মদিন। রাত তখন দেড়টা বা দুইটা। আমি কাজ শেষ করে স্যারের বাসায় গেলাম। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকেই ছিলেন। আমি গানটি গেয়ে শোনালাম। স্যার সেদিন খুব খুশি হয়েছিলেন। তাঁকে বলেছিলাম, আপনার জন্মদিনে এটা আমার উপহার।হুমায়ূন আহমেদকে শেষ কোন গানটি শুনিয়েছিলেন?স্টার সিনেপ্লেক্সে স্যার তাঁর পরিচিতজনদের নিয়ে ঘেটুপুত্র কমলা ছবির একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন। প্রদর্শনী শেষে আমরা সবাই মিলে তাঁর বাসায় যাই। স্যার আমাকে শাহ্ আবদুল করিমের একটি গান গাওয়ার জন্য বললেন। আমি গেয়েছিলাম, ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি’। ওটাই ছিল তাঁকে শোনানো আমার শেষ গান।