আজ শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব
আজ শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বিকেল চারটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে ক্রিশ্চিয়ান ডিটার পরিচালিত জার্মান চলচ্চিত্র দি ক্রোকোডাইল প্রদর্শন করা হবে। উৎসব আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এবারের উত্সবের স্লোগান—‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’।আয়োজক সূত্রে জানা গেছে, এবার উত্সবে ৫০টি দেশের ২৪৩টি শিশুতোষ ছবি প্রদর্শন করা হবে। এর মধ্যে আছে বাংলাদেশি শিশুদের নির্মিত ৩৪টি চলচ্চিত্রও। উৎসবে ১৮ বছর বয়স পর্যন্ত যে-কেউ টিকিট ছাড়াই ছবিগুলো উপভোগ করতে পারবে। বিভিন্ন স্কুল থেকে শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের উৎসবস্থলে নিয়ে আসার জন্য সাতটি বাসের ব্যবস্থা রেখেছেন আয়োজকেরা।উৎসবের ছবিগুলো প্রদর্শন করা হবে বাংলাদেশ শিশু একাডেমী, স্টার সিনেপ্লেক্স, ব্রিটিশ কাউন্সিল, জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, ইরান সাংস্কৃতিক কেন্দ্র, আলিয়ঁস ফ্রঁসেসের ধানমন্ডি ও উত্তরা কেন্দ্রে, ইউসেপ মিরপুর, খিলগাঁওয়ে পল্লীমা সংসদ এবং হাজারীবাগের কলেজ অব লেদার টেকনোলজিতে।