আজ শুরু হচ্ছে যাত্রা মৌসুম
আজ দুর্গাপূজার সপ্তমীতে শুরু হচ্ছে যাত্রা মৌসুম। মৌসুম চলবে ৩০ চৈত্র পর্যন্ত। এর আগে বেশ কয়েকটি যাত্রার দল ঈদ থেকে পালাগান করে আসছে। ক্রমাগত রমজান মাস পিছিয়ে আসায় যাত্রায় কিছুটা হেরফের ঘটছে। একই মৌসুমে দুটি করে সিজন চালু হচ্ছে। আজ মৌসুমের শুরু থেকে যে দলগুলো মাঠে নামতে যাচ্ছে, সেগুলো হলো তুষার অপেরা, চয়নিকা যাত্রা ইউনিট, বাসন্তী অপেরা, ঝর্ণা অপেরা, কেয়া যাত্রা ইউনিট, কোহিনূর অপেরা, পদ্মা যাত্রা ইউনিট, অগ্রগামী নাট্য সংস্থা, দেশশ্রী অপেরা ও রূপশ্রী অপেরা। ঈদ থেকে যে দলগুলো মঞ্চায়নে নামে, সেগুলো হলো চৈতালী অপেরা, আনন্দ অপেরা, মৌসুমী অপেরা, নিউ গীতশ্রী অপেরা, নিউ ভোলানাথ অপেরা, আর্য অপেরা, চ্যালেঞ্জার অপেরা, আদি রাজমহল অপেরা, নিউ রংমহল অপেরা, ময়ূরী যাত্রা ইউনিট, আদি রংমহল অপেরা, প্রতিমা অপেরা, আদি বঙ্গশ্রী অপেরা, বলাকা অপেরা ও সোনালী অপেরা। গীতাত্মক ও সংলাপাত্মক—এই দুই প্রকার পালা নিয়ে দুই ধরনের দল সংগঠিত হয়েছে এবার। গীতাত্মক দলে কোনো নতুন পালা রাখা হয়নি। তবে সংলাপাত্মক দলে অনেক নতুন পালা আসছে। এর মধ্যে বাবরি মসজিদসংক্রান্ত, নকশালপন্থী আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থানের বিষয়ে কয়েকটি পালা থাকছে। চৈতালী অপেরা, আনন্দ অপেরা, নিউ গীতশ্রী অপেরা, নিউ ভোলানাথ অপেরা, নিউ রাজমহল অপেরা, আদি রাজমহল অপেরা ও তুষার অপেরা এ পালাগুলো মঞ্চে আনছে।কয়েক বছর ধরে শুধু বিজয়ের মাসেই বেশ কিছু দল এ ধরনের দু-একটি পালার মঞ্চায়ন করে আসছে। এবার যাত্রাসংগঠন বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী বড় দলগুলো বিভিন্ন প্যান্ডেলে সারা বছরই এ জাতীয় পালার মঞ্চায়ন অব্যাহত রাখবে। এদিকে আজ মৌসুমের শুরুতে যাত্রাশিল্পের নেতারা আয়োজক-প্রদর্শক, যাত্রাসংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেছেন। জুয়া-হাউজির মাঠ বর্জন করে, অশ্লীল নাচ-গান থেকে বিরত থাকার জন্যও যাত্রাশিল্পের নেতারা অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ সংস্থার সভাপতি নট-নির্দেশক সুলতান সেলিম ও সাধারণ সম্পাদক অপর নট-নির্দেশক হাবীব সারোয়ার আয়োজকদের চাপিয়ে দেওয়া অনৈতিক কর্মকাণ্ডের কাছে মাথা নত না করার জন্য দলের মালিকদের প্রতি অনুরোধ করেছেন। যাত্রাকে অবক্ষয় ও অবলুপ্তির হাত থেকে বাঁচাতে আয়োজক-প্রদর্শকদের আন্তরিক থাকার জন্যও তাঁরা অনুরোধ জানিয়েছেন।