আজ শুরু হচ্ছে লোকসংগীত উৎসব

আজ ১২ নভেম্বর শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। মেরিল নিবেদিত তিন দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টস। ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই উৎসবে গান করবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও চীনের শিল্পীরা। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়, চলবে মধ্যরাত পর্যন্ত। আজ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
তিন দিনের এই উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ফরিদা পারভীন, মমতাজ, বারী সিদ্দিকী, রব ফকির, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শফি মণ্ডল, নাশিদ কামাল, মিনু বিল্লাহ ও পল্লবী ড্যান্স গ্রুপ, লুবনা মরিয়ম ও সাধনা ড্যান্স গ্রুপ, কাঙালিনী সুফিয়া, আনুশেহ আনাদিল, অর্ণব, জলের গান, আজগর আলীম, জহির আলীম, নুরজাহান আলীম, ইসলাম উদ্দিন, লাবিক কামাল, ম্যাজিক বাউলিয়ানাসহ আরও অনেকে। পাকিস্তান থেকে আসছেন আবিদা পারভীন ও সাঁই জহুর। ভারত থেকে পাপন, ইন্ডিয়ান ওশান, নুরান সিস্টারস, অর্ক মুখার্জি, পবন দাস বাউল, পার্বতী বাউল ও মাঙ্গানিয়ারস। আয়ারল্যান্ড থেকে নিয়াভ নি কারা এবং চীন থেকে অংশ নিচ্ছে ইউনান আর্ট ট্রুপ।
এরই মধ্যে দেশের বাইরের শিল্পীরা ঢাকায় আসতে শুরু করেছেন। আয়োজকদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, তাঁরা সার্বিক নিরাপত্তার দিকে বিশেষ নজর দিচ্ছেন।
‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ নিয়ে স্কয়ার টয়লেট্রিজ লি. ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘নিজেদের চেনার এবং চিনিয়ে দেওয়ার কাজটি হাতে নিয়েছে এবার মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টস। লোকসংগীতের অবারিত রত্নভান্ডার সম্পর্কে জানবে বিশ্ব। শহুরে সংস্কৃতির ভিড়ে হারাবে না লোকসংগীত। নতুন প্রজন্ম এবার জানবে লোকসংগীতের কথা। চর্চা করবে লোকগান। লোকসংগীতের মাধ্যমে বাংলাদেশকে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার নতুন এক উপলক্ষ এই উৎসব।’
সবার সহযোগিতায় ‘মেরিল নিবেদিত ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’কে বিশ্বে পরিচিত করে তোলা সম্ভব হবে এবং এটি বাংলাদেশের জন্য একটি সিগনেচার ইভেন্ট হবে, এমনটাই আশা করছেন আয়োজকেরা।

মেরিল নিবেদিত ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৫
১২নভেম্বর বৃহস্পতিবার
(সন্ধ্যা ছয়টা-রাত একটা)
l পল্লবী ড্যান্স সেন্টারের নাচ
l ফরিদা পারভীন
l চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়
l দ্য অর্ক মুখার্জি কালেক্টিভ
l রব ফকির, শফি মণ্ডল ও গৌরব
l সাই জহুর
l পাপন অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি
১৩ নভেম্বর শুক্রবার
(বিকেল পাঁচটা-রাত একটা)
l বাউলিয়ানা, বাউল ভজন খ্যাপা,
স্বপ্নিল সজীব ও রুবা
l নাশিদ কামাল
l আজগর আলীম, জহির আলীম ও নুরজাহান আলীম
l বারী সিদ্দিকী
l অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস
l নুরান সিস্টারস
l পবন দাস বাউল
l মমতাজ
l ইউনান আর্ট ট্রুপ
১৪ নভেম্বর শনিবার
(বিকেল পাঁটা-রাত একটা)
l সাধনার নাচ
l ইসলামউদ্দিন কিস্সাকার
l জলের গান
l নিয়াভ নি কারা
l পার্বতী বাউল
l ইন্ডিয়ান ওশান
l কাঙালিনী সুফিয়া ও আনুশেহ
l দ্য মাঙ্গানিয়ারস ফ্রম হামিরা
l আবিদা পারভীন