আজ শেষ হচ্ছে গানমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীতে গানমেলায় গতকাল সংগীত পরিবেশন করেন তরুণ শিল্পী কাজী শুভ l প্রথম আলো
শিল্পকলা একাডেমীতে গানমেলায় গতকাল সংগীত পরিবেশন করেন তরুণ শিল্পী কাজী শুভ l প্রথম আলো

নতুন-পুরোনো বাংলা গানের অ্যালবাম, মঞ্চে গানের জমজমাট পরিবেশনা, শিল্পী-ভক্তর আড্ডা—সব মিলে দারুণ জমে উঠেছে গানমেলা। ৯ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইবি) আয়োজনে শুরু হয় এ মেলা। উদ্বোধনের পর থেকে এ আয়োজন দেশের গীতিকার, সুরকার, গায়ক, গায়িকাসহ সংশ্লিষ্ট সবার মিলনমেলায় পরিণত হয়েছে। আজ শনিবার মেলার শেষ দিন।
মেলা শুরু হয় বিকেল তিনটায়। এরপর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আলোচনা অনুষ্ঠান। নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন হয় ছয়টা থেকে সাতটা পর্যন্ত। এরপর শুরু হয় জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা। আজ গানমেলা শেষ হবে। গতকাল শুক্রবার গান করেছেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, আসিফ আকবর, মুহিন, চম্পা বণিক, পারভেজ, সুমনা বর্ধন প্রমুখ।
গতকাল বিকেলে দেখা যায়, প্রচুর দর্শক এসেছে মেলা চত্বরে। মেলার মূল মঞ্চের সামনে দর্শক সারির প্রায় সবগুলো আসন পূর্ণ। প্রিয় শিল্পীদের কাছে থেকে একনজর দেখে ও সেলফি তুলে মজা পাচ্ছেন ভক্তরা। মেলা প্রাঙ্গণে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ৪০টিসহ মোট ৪৩টি স্টল রয়েছে। স্টলগুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকাশিত অডিও ও ভিসিডি ছাড়াও শিল্পীদের পোস্টার প্রদর্শন করা হচ্ছে। ভক্তরা অটোগ্রাফসহ সংগ্রহ করছেন পছন্দমতো অ্যালবাম। এ ছাড়া ছিল বাংলাদেশি গানের গৌরবোজ্জ্বল চার দশক, অনলাইন গানের বাজারের ভবিষ্যৎ, সম্ভাবনা ও করণীয়, মোবাইলের ভ্যালু অ্যাডেড সার্ভিসে গানের বাজার, লোকসংগীত, আধুনিক গান ও সিনেমার গান এবং ব্যান্ড সংগীতের উৎপত্তি, বিবর্তন ও ভবিষ্যৎ, পাইরেসি, পাইরেসির ধরন ও প্রতিরোধ, সংগীতের মেধাস্বত্ব সংরক্ষণে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা।
প্রথমবারের মতো আয়োজিত এ মেলা নিয়ে আয়োজক সংগঠনের সভাপতি আরিফুর রহমান বলেন, ‘বর্তমানে আমাদের বাংলা গানের একধরনের দুঃসময় চলছে। সময় এসেছে এখন পুনর্জাগরণের।’