আজ শেষ হচ্ছে নিবন্ধন

‘আহা, সামনাসামনি বসে ওস্তাদ আমজাদ আলী খানের সরোদ হয়তো শোনা হলো না, মিস করলাম বিদুষী কিশোরী আমানকরের পরিবেশনাও।’ বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে যোগ দেওয়ার জন্য আজ রাত ১২টার মধ্যে নিবন্ধন না করলে আগামীকাল এমন আক্ষেপ হয়তো শোনা যাবে আপনার গলায়। কারণ, আজ রাত ১২টায় শেষ হয়ে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের নিবন্ধন।
তাই উৎসবে প্রখ্যাত সংগীতজ্ঞদের মধুর পরিবেশনাগুলো দেখতে চাইলে www.bengalfoundation.org ঠিকানায় গিয়ে নিবন্ধন করুন এখনই। ৩ নভেম্বর থেকে এই নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন করতে অন্তর্জালে ঢুকে আপনাকে খুঁজতে হবে বেঙ্গল ফাউন্ডেশনের ওয়েবসাইটটি (www.bengalfoundation.org)। এখানে গেলেই আপনি পেয়ে যাবেন একটি অনলাইন আবেদনপত্র। সেটি পূরণ করে send বাটন চেপে পাঠিয়ে দিতে হবে। আপনার ই-মেইল ঠিকানায় বিনা মূল্যে চলে আসবে আমন্ত্রণপত্র। ওটা প্রিন্ট করে আপনি হাজির হয়ে যাবেন উৎসবে।
যদি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ না থাকে, থাকে আপনার মোবাইল ফোনে, তাহলেও নিবন্ধন করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার ফোন থেকে bengal লিখে এসএমএস পাঠিয়ে দিতে হবে ৬৯৬৯ নম্বরে। তবে মনে রাখবেন, নিবন্ধনের সময় আছে আর মাত্র কয়েক ঘণ্টা-আজ রাত ১২টা পর্যন্ত।
বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব শুরু ২৭ নভেম্বর থেকে, চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। পাঁচ দিনের এ উৎসবে আসছেন বরেণ্য সব সংগীতজ্ঞ। স্কয়ার নিবেদিত উৎসবটির সার্বিক সহযোগিতায় আছে প্রথম আলো ও ডেইলি স্টার। সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।