গতকাল শনিবার ছিল রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দ্বিতীয় দিনের কর্মসূচি। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সকাল থেকে ছিল সাধারণ বিভাগের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। বিকেল চারটা থেকে শুরু হয় প্রতিনিধি সম্মেলন, আলোচনা হয় সাংগঠনিক নানা বিষয় নিয়ে।
এ দিন বিকেলে ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’ বিষয়ে প্রবন্ধ পড়েন ভূঁইয়া ইকবাল। সম্মিলন পরিষদের সভাপতি সন্জীদা খাতুনের সভাপতিত্বে এর ওপর আলোচনা করেন সারওয়ার আলী ও মফিদুল হক। সন্ধ্যা থেকে ছিল রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা, আবৃত্তি, নৃত্য এবং রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সম্মিলন পরিষদের শিল্পীরা। সম্মেলক গান পরিবেশন করেন পরিষদের ময়মনসিংহের শিল্পীরা।
আজ সম্মেলনের শেষ দিনের শুরু হবে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে। বিকেলে দেওয়া হবে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় চূড়ান্ত পুরস্কার, রবীন্দ্রপদক ও গুণীজন সম্মাননা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এই সন্ধ্যায় যথারীতি থাকবে নাচ, গান ও আবৃত্তি।