আজ শেষ হচ্ছে স্টার-ইউ আই ইউ উত্সব

স্টার সিনেপ্লেক্স ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্টার-ইউ আই ইউ ডকুমেন্টারি উত্সব ২০১৩’-এর পর্দা নামছে আজ ১৯ সেপ্টেম্বর।
ঢাকা শহরের পরিবহন ব্যবস্থার ওপর নবীনদের নির্মিত তিন মিনিটের প্রামাণ্যচিত্র নিয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এই উত্সব। গত ২৮ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নবীন নির্মাতারা তাঁদের প্রামাণ্যচিত্র জমা দেন। এর মধ্য থেকে জুরি বোর্ডের রায়ে সেরা তিনটি প্রামাণ্যচিত্র নির্বাচিত হবে। সেরা তিন নির্মাতা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা।
জুরি বোর্ডের সদস্য হিসেবে থাকছেন চলচ্চিত্র ও নাট্য নির্মাতা রেদওয়ান রনি, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, নির্মাতা মৌসুমী।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে স্টার সিনেপ্লেক্সে ¬অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সব প্রতিযোগীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
দেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি সৃষ্টিশীল তারুণ্যকে উত্সাহিত করতে স্টার সিনেপ্লেক্স এবং ইউ আই ইউ যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এমন একটি উত্সবের আয়োজন করে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে এ আয়োজনের শুরু থেকে বেশ ভালো সাড়া পাওয়া যায় বলে জানান আয়োজকরা।
আয়োজকেদের ভাষ্য, প্রচুর সংখ্যক ডকুমেন্টারি জমা পড়েছিল। তার মধ্য থেকে বাছাইকৃত ১৭টি ডকুমেন্টারি নিয়ে আয়োজন করা হয় চূড়ান্ত প্রতিযোগিতা।
এ আয়োজনের মাধ্যমে অনেক মেধাবী নির্মাতা উঠে আসবে এবং যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশের চলচ্চিত্রে তাঁরা ভালো কিছু যোগ করতে পারবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
এ আয়োজনের টাইটেল স্পনসরশিপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে পেপসি। মিডিয়া পার্টনার ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং ডিজিটাল পার্টনার এখনিডটকম।