আজ শেষ হচ্ছে স্বপ্নদলের তিন দিনের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রনাথ-সেলিম আল দীন রয় ঐতিহ্যের ধারায়, বাঙলা নাট্যের জয়যাত্রা কভু না হারায়’ স্লোগান নিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮তম জন্মবার্ষিকী স্মরণে স্বপ্নদল আয়োজন করেছে তিন দিনের নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলমান এ উৎসবের গতকাল শনিবার ছিল দ্বিতীয় দিন। এদিন বক্তৃতানুষ্ঠান এবং মানোড্রামা হেলেন কেলার-এর মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। অপূর্ব কুমার কুন্ডুর লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করেছেন জুয়েনা শবনম।

বিকেলে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আতাউর রহমানের সভাপতিত্বে একক বক্তৃতানুষ্ঠানে ‘সেলিম আল দীনের নাট্যদর্শন তথা বাঙলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’ শীর্ষক বক্তব্য দেন নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যের ওপর অভিমত জানান নাট্যজন মাসুম রেজা, আবদুস সেলিম, রশীদ হারুন, মোহাম্মদ বারী, কামরুল হাসান খান, চন্দন রেজা, রিজোয়ান রাজন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উত্সবের আহ্বায়ক ও স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।

আজ রোববার উত্সবের শেষ দিন সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটারে আছে হরগজ-এর মঞ্চায়ন।