
বাংলাদেশ ও ভারত—পাশাপাশি দুটি দেশের স্থলবন্দর। বেনাপোল ও হরিদাসপুর স্থলবন্দর প্রতিদিনের মতো কর্মচঞ্চল। সাধারণ যাত্রী, কাস্টম, ইমিগ্রেশন, মানি চেঞ্জের দালাল, পরিবহনশ্রমিক, কালোবাজারি, নানা রং-বেরঙের মানুষের আনাগোনা এখানে। কত কী ঘটনা। এপারের যুবক রাজার সঙ্গে ওপারের যুবতী মালিনীর প্রেমের খুনসুটি, কাস্টম-ইমিগ্রেশনের বাণিজ্যসংকট; এর মধ্যে হঠাৎ উদ্ভট একজন মানুষের আবির্ভাব নিত্যদিনের আবহ ঘোলাটে করে তোলে।
জাতীয় নাট্যশালায় গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ নাটক ভঙ্গবঙ্গর পটভূমি এটি। এখানে আয়োজিত জাতীয় নাট্যোৎসবের ১৭তম দিনে এ নাটকের পাশাপাশি পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় সংলাপ গ্রুপ থিয়েটারের বোধ। অদূরে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয় পদাতিক নাট্য সংসদের (বাংলাদেশ) পোড়ামাটি। আজ মঙ্গলবার উৎসবের শেষ দিন।
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ নাটকটি মামুনুর রশীদের লেখা। নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। এ নাটকের একপর্যায়ে উদ্ভট একজন মানুষের আবির্ভাবের সঙ্গে নতুন উপদ্রব এসে হাজির হরিদাসপুর বন্দরে। সে শিলাইদহের পতিসরে যাবে, পদ্মায় বোট নিয়ে ঘুরে বেড়াবে। সে বুঝতে চায় না ১৯৪৭ সালের দেশভাগ, বাংলা ভাষাভাষীদের ভূমির বিভাজন। যেখানে পাখি উড়ে যায়, বাতাস ও নদীর জল অবলীলায় প্রবহমান, সে স্থান মানুষের জন্য অগম্য কেন হবে? তাঁর এমন আচরণে ঘনীভূত হয় সংকট। ইমিগ্রেশনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঘটনা, সীমান্তের স্বাভাবিক কাজ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যাত্রীদের স্বাভাবিক চলাচল। হাজার হাজার যাত্রী দুপারে আটকা পড়ে। সীমান্ত প্রহরা কঠোর হয়, নাটকও জমে ওঠে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শীর্ষক স্লোগানে গত ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন ও স্টুডিও থিয়েটার মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে একই সঙ্গে চলে ১৮ দিনের এ উৎসব।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা ছয়টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শেষ দিন জাতীয় নাট্যশালায় নাট্যকেন্দ্র বন্দুকযুদ্ধ ও গাধার হাট, পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে বরিশালের শব্দাবলি গ্রুপ থিয়েটার সাহেব চান্দের ঈদ ভোজন এবং মহিলা সমিতি মঞ্চে বহুবচন দেবী মঞ্চস্থ করবে।