আজ শেষ হবে 'শাশ্বত জাপান'
জাপানপ্রবাসী সাংবাদিক মনজুরুল হকের তোলা ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গত শনিবার থেকে চলছে একক আলোকচিত্র প্রদর্শনী ‘শাশ্বত জাপান’। প্রদর্শনীর আজ শেষ দিন।
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং দৈনিক প্রথম আলোর যৌথ আয়োজনে মনজুরুল হকের একক আলোকচিত্র প্রদর্শনীতে মোট আলোকচিত্রের সংখ্যা ১৩৩। জাপানের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা বিবিধ বিষয়ের আলোকচিত্রের মধ্য থেকে ১২ ধরনের ছবি নেওয়া হয়েছে প্রদর্শনীতে। এর মধ্যে যেমন রয়েছে গতানুগতিক ‘দ্য বিউটিফুল জাপান’, তেমনি রয়েছে ‘টোকিও মোটর শো’, যা আধুনিক এবং প্রযুক্তিতে অগ্রগামী জাপানকে তুলে ধরেছে। পাশাপাশি রয়েছে প্রাচ্যের বিশুদ্ধ নান্দনিক বিষয়, যা জাপানের অনন্য সৌন্দর্য এবং বাগানবিষয়ক নান্দনিকতাকে উপস্থাপন করেছে। আলোকচিত্রগুলোর মধ্যে আরও রয়েছে রাজকীয় বিভিন্ন আচার, প্রাচীন উপাসনালয় এবং সারা বছর ধরে কীভাবে ঋতুর পরিবর্তন ঘটে, সেসব স্থিরচিত্র।
আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনীকক্ষ খোলা থাকবে বলে জানিয়েছে বেঙ্গল গ্যালারি কর্তৃপক্ষ।
সাংবাদিক মনজুরুল হক জাপানে দৈনিক প্রথম আলোর ব্যুরো চিফ এবং এনএইচকে ওয়ার্ল্ডে রেডিও ব্রডকাস্টার হিসেবে কাজ করার পাশাপাশি টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এবং কিসেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।