আজ সজল-মিমের ‘স্বপ্নগুলো তাই অসম্পূর্ণ’
এনটিভিতে আজ রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘স্বপ্নগুলো তাই অসম্পূর্ণ’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও বিদ্যা সিনহা মিম।‘স্বপ্নগুলো তাই অসম্পূর্ণ’ নাটকের কাহিনিতে দেখা যাবে, সুন্দর-সাজানো সংসার শ্রাবণ ও বর্ষার। ভালোবাসা, মান-অভিমান, খুনসুটি, প্রিয় মুহূর্ত—সবই ছিল সেই সংসারে। তার পরও সব সময় কেমন যেন একটা শূন্যতা ঘিরে থাকত তাদের সংসারে। প্রায়ই তাদের মনে হতো, কী যেন একটা নেই। শ্রাবণ অফিসে চলে গেলে বর্ষা ভীষণ একা হয়ে যায়।একটা সময়ে শ্রাবণ ও বর্ষা সিদ্ধান্ত নেয়, তারা সন্তান নেবে। অন্তঃসত্ত্বা হয় বর্ষা। অনাগত সন্তানকে নিয়ে শ্রাবণ-বর্ষা বুনতে থাকে হাজারো স্বপ্ন। একদিন হঠাত্ অসুস্থ হয়ে পড়ে বর্ষা। তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। শ্রাবণ-বর্ষা জানতে পারে, এই ক্যানসারের রোগীকে বাঁচানো সম্ভব না হলেও রোগীর গর্ভে থাকা বাচ্চার কোনো ক্ষতি হবে না।