আজ সন্ধ্যায় জাদুঘরে বেণুকার আয়োজন
আজ সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে রবীন্দ্রনাথ ও নজরুলের গানের পরিবেশনাসহ ভিন্ন ভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশনার এক অনুষ্ঠান আয়োজন করেছে বেণুকা ললিতকলা কেন্দ্র। প্রতিষ্ঠানটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বেণুকার সাংস্কৃতিক সম্পাদক লীনা তাপসী খান।
লীনা আরও জানান, সন্ধ্যা ৬টায় শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বেণুকা সম্মাননা পদক ২০১৫ দেওয়া হবে খ্যাতিমান সংগীতশিল্পী শাহীন সামাদকে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করবেন বেণুকা ললিতকলা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীরা। কত্থক নাচেরও একটি আয়োজন থাকবে এতে।
আজকে সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত বেণুকার এই অনুষ্ঠানে গান আর নাচ উপভোগ করতে যেতে পারেন।