আজ সন্ধ্যায় বিউটি বোর্ডিংয়ে 'সারারাত্তির'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিউটি বোর্ডিংয়ে ‘সারারাত্তির’ নাটকের মহড়ার দৃশ্য
বিউটি বোর্ডিংয়ে ‘সারারাত্তির’ নাটকের মহড়ার দৃশ্য

ষাটের দশকের সাহিত্য সৃষ্টির আঁতুর ঘর বিউটি বোর্ডিংয়ে আজ মঞ্চায়িত হতে যাচ্ছে একটি নতুন নাটক। নাটকের আগে থাকবে সংস্কৃতিকর্মীদের আড্ডা। নাটকের দল তীরন্দাজের আয়োজনে মঞ্চায়িত হবে তাদের নতুন প্রযোজনা ‘সারারাত্তির’।

বাংলাবাজারের বিউটি বোর্ডিংয়ে মঞ্চস্থ হবে নাটকটি। বাদল সরকারের রচনায় এর নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। নাটকটির আজ উদ্বোধনী মঞ্চায়ন। উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী। এ ছাড়া প্রদর্শনীর আগে বিকেল চারটায় সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে থাকবে আড্ডা—‘নদীর জলে আগুন ছিল’। আড্ডায় অংশ নেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল, কবি ও নির্মাতা টোকন ঠাকুর এবং সংস্কৃতিকর্মী সামিনা লুৎফা।
বিউটি বোর্ডিংয়ে নাটক মঞ্চায়ন প্রসঙ্গে দীপক সুমন বলেন, ‘নাটকের গল্পটি বিউটি বোর্ডিংয়ের সঙ্গে মিলে যায়। অনেক দিন ধরেই ভাবছিলাম কোথায় মঞ্চায়ন করা যায়। তা ছাড়া নাটকের গতানুগতিক ফর্ম প্রসেনিয়ামের বাইরে গিয়েও একটা নিরীক্ষা করার চেষ্টা করেছি। যেহেতু এখানে সাহিত্য ও সংস্কৃতিজনদের আড্ডা ছিল সেহেতু নাটক প্রদর্শনীর আগে একটা আড্ডারও আয়োজন করেছি। সুযোগ পেলে প্রতি শুক্রবার মঞ্চায়ন ও আড্ডার আয়োজন করার ইচ্ছা আছে।’
নাটকটিতে অভিনয় করেছেন একে আজাদ সেতু, শোভন দাস, খায়রুল আলম, নাসরিন নাসা ও দীপক সুমন।