আজ সন্ধ্যায় সুপ্রিয়া দেবীর শেষকৃত্য
* সুপ্রিয়া দেবীর শেষকৃত্য হবে আজ সন্ধ্যায়।
* আজ ভোরে নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
* সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘দীর্ঘ দিনের বন্ধুকে হারালাম।

বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সুপ্রিয়া দেবীর শেষকৃত্য হবে আজ শুক্রবার সন্ধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে স্থানীয় সময় বেলা সাড়ে তিনটা থেকে সন্ধে সাড়ে ছয়টা পর্যন্ত সবার শ্রদ্ধা নিবেদনের জন্য সুপ্রিয়া দেবীর মরদেহ রাখা হবে রবীন্দ্রসদনে। আজ ভোরে বালিগঞ্জ সার্কুলার রোডের নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুপ্রিয়া দেবী। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ২০১১ সালে ‘বঙ্গবিভূষণ’ এবং ২০১৪ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে।
সুপ্রিয়া দেবীর মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শেষ হলো উত্তম-অধ্যায়েরও।’
বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘দীর্ঘদিনের বন্ধুকে হারালাম, অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। এখন আমি কথা বলার অবস্থায় নেই।’
সুপ্রিয়া দেবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতার চলচ্চিত্র ও শিল্পী মহলে। সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, ‘ভাবতেই পারছি না।’ তরুণ মজুমদারের কথায়, ‘সুপ্রিয়ার চলে যাওয়ার শোকটা ভাষায় ব্যক্ত করা যাবে না।’ সন্ধ্যা রায় বলেছেন, ‘খুবই দুঃখের খবর। আমি দিদি বলে ডাকতাম। আত্মীয়ের মতোই সম্পর্ক ছিল আমাদের। খুব প্রাণবন্ত ব্যবহার ছিল দিদির। আমি মর্মাহত। এই কষ্ট বলে বোঝানো যাবে না। শুধু এটুকু বলতে পারি, কাজ দিয়েই মানুষ ওঁকে মনে রাখবেন।’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, ‘এই ক্ষতির কোনো পরিমাপ হয় না। আমি ওঁর আত্মার শান্তি কামনা করি।’ ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, ‘খারাপ খবর দিয়ে দিন শুরু হলো। মায়ের মতো ছিলেন। আমার ভালোবাসার মানুষ। অনেক সৌভাগ্য আমার যে ওঁর স্নেহ পেয়েছি। অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক আদরের কথা মনে পড়ছে। তিনি সবার কথা ভাবতেন। অনেক বড় মনের মানুষ ছিলেন। যা রেখে গেলেন, যা শিখিয়েছেন, তার একটুও করতে পারলে খুশি হব। তাঁর আরও সম্মান পাওয়া উচিত ছিল।’ ইন্দ্রাণী হালদার বলেন, ‘ঘুম থেকে উঠে খবরটা পেলাম, শকিং নিউজ। ওর সঙ্গে কোটি কোটি স্মৃতি রয়েছে।’ গৌতম ঘোষ বলেন, ‘আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল তাঁর সঙ্গে। সকালে শুনলাম তিনি আর নেই। এ তো ভাবতেই পারছি না। বিরাট ক্ষতি হয়ে গেল।’ পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘কী বলব বলুন? একজন অভিভাবককে হারালাম।’ নন্দিতা রায় বলেন, ‘বেণুদির রান্নাঘর নামের একটা শো করতাম তাঁর সঙ্গে। আমার মনে হয় ওটা ফার্স্ট কুকারি শো, যা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সারাক্ষণই দাদার গল্প করতেন। আজ খবরটা পেয়ে প্রথমেই মনে হলো, এবার দাদার সঙ্গে দেখা হবে।’
সুপ্রিয়া দেবীর প্রয়াণে বাংলার স্বর্ণযুগের এক অধ্যায় শেষ হয়ে গেল। ‘সোনার হরিণ’, ‘শুন বরনারী’, ‘উত্তরায়ণ’, ‘সূর্য্যশিখা’, ‘সবরমতী’, ‘মন নিয়ে’ ‘বিলম্বিত লয়’ ‘জীবন জিজ্ঞাসা’র মতো আরও অনেক ছবিতে উত্তমকুমারের বিপরীতে অভিনয় করেছেন তিনি। গত শতকের ষাটের দশকের শেষ দিক থেকে সত্তর দশকে বেশির ভাগ ছবিতে তিনি উত্তমকুমারের নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।