আজ স্বপ্নদলের ‘সেলিম আল দীন স্মরণ অনুষ্ঠান’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪ জানুয়ারি প্রয়াত নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের তৃতীয় প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে স্বপ্নদল আয়োজন করেছে ‘স্মরণে নাট্যভাষে নাট্যাচার্য সেলিম আল দীন’ শিরোনামে অনুষ্ঠানমালা। ফরিদপুর থেকে আজ শুক্রবার শুরু হচ্ছে এ অনুষ্ঠানমালা। জানা গেছে, আজ সন্ধ্যা ছয়টায় ফরিদপুরের অম্বিকা ময়দানে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথার নাট্যরূপ ফেস্টুনে লেখা স্মৃতি। কাল শনিবার বিকেল তিনটা ও সন্ধ্যা ছয়টায় জসীমউদ্দীন হলে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের আরেকটি নাটক হরগজ। এ দুটি নাটকই মঞ্চস্থ করবে স্বপ্নদল। আরও থাকছে সেলিম আল দীনের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা, আলোকচিত্র-তথ্য-পুস্তক প্রদর্শনী এবং সেলিম আল দীনকে নিবেদিত কোরিওগ্রাফি ও সংগীত পরিবেশনা। আজ সন্ধ্যায় এই অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা। সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে ফেস্টুনে লেখা স্মৃতির নাট্যরূপ দিয়েছেন জাহারাবী রিপন, নির্দেশনা দিয়েছেন সামাদ ভূঞা ও রওনক লাবণী। আর হরগজ নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।