আজ ‘আঁধারে আলো’ এনটিভিতে
এনটিভিতে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘আঁধারে আলো’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, নিশো, মুনমুন, অপরাজিতা প্রমুখ। নাটকটির কাহিনিতে দেখা যাবে, স্বনামধন্য নৃত্যশিল্পী রুমানার একমাত্র স্বপ্ন মেয়ে নূপুরকে তাঁর মতো বড় নৃত্যশিল্পী বানাবেন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় নূপুরের রেটিনো ব্লাসটোমা নামে বিরল এক ধরনের রোগ, যার কারণে মানুষ ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। কিন্তু রুমানার প্রবল ইচ্ছাশক্তির বলে অন্ধ হওয়া সত্ত্বেও নাচের চর্চা চালিয়ে যায় নূপুর।এদিকে জীবনের প্রথম নাচের অনুষ্ঠানের দিন প্রবল মঞ্চভীতি শুরু হয় নূপুরের। নাচ সম্পূর্ণ করতে পারে না সে। নূপুর এরপর সিদ্ধান্ত নেয়, মঞ্চে আর নাচবে না, কেবল নিজের আনন্দের জন্যই নাচবে। তারই ছোটবেলার বন্ধু নৃত্যশিল্পী ইরফান নূপুরের প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করে। শুরু হয় নূপুরের নতুন অধ্যায়, নতুন করে আশায় বুক বাঁধেন নূপুরের মা।