আজ 'আর্থ প্যারেড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহড়ায় ব্যস্ত নৃত্যশিল্পীরা l ছবি: খালেদ সরকার
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহড়ায় ব্যস্ত নৃত্যশিল্পীরা l ছবি: খালেদ সরকার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজার রাস্তায় বেশ ভিড়। সেই ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। ভেতর থেকে থেমে থেমেই বেজে উঠছে দেশাত্মবোধক গান। তাই কিছু স্পষ্ট দেখতে না পেলেও কৌতূহলী জনতা সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকেন। গতকাল সংসদ ভবনে ঢোকার পথে এমন দৃশ্যই দেখা যায়। আজ সেই একই জায়গায় অনুষ্ঠিত হবে ‘আর্থ প্যারেড’। দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বললেন, ‘কাল তো ভিড় আরও বেশি হবে। আমাদেরও মহড়া হচ্ছে!’
জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। গতকাল সে জন্যই সংসদ ভবন প্রাঙ্গণে চলছিল জোরেশোরে প্রস্তুতি। ২০ মিনিটের একটি পরিবেশনার জন্য জড়ো করা হয়েছিল প্রায় এক হাজার শিল্পীকে। বিকেল চারটার অনেক আগে থেকেই শুরু হয় মহড়া। কয়েকটি গানের তালে তালে চলে মহড়া। মহড়ার ফাঁকে পুরো পরিবেশনার কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাবের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘অনেক বড় একটি পরিবেশনার প্রস্তুতি নিচ্ছি। এই পরিবেশনায় অংশ নিচ্ছেন বিভিন্ন জেলা ও সংগঠন থেকে আসা নৃত্যশিল্পীরা, মঞ্চকর্মী, ঢুলি, মুখোশ ও পাপেটশিল্পীরা।’ বলতে বলতে মহড়া থেকে আবার ডাক আসে তাঁর। তিনি তাঁর কথাগুলো বলার জন্য অনুরোধ করেন সংগীতশিল্পী পারভেজকে। পারভেজ তথ্য দেন পরিবেশনার সঙ্গে যে গানগুলো বাজছে, সেসব গানের। বলেন, ‘কয়েকটি দেশাত্মবোধক, সাঁওতালি ও মণিপুরি গান নিয়ে তৈরি করা হয়েছে ১৮ মিনিটের একটি মেডলি। সেই মেডলির সংগীতায়োজন করেছি আমি, জয় ও কিশোর।’ মেডলিতে কণ্ঠ দিয়েছেন ১০ জন কণ্ঠশিল্পী। এর মধ্যে তিন সংগীতায়োজকসহ আরও আছেন মুহিন, রন্টি, সাব্বির, লিজা, পুলক, কোনাল ও পূজা।
পুরো আর্থ প্যারেডের আয়োজন করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আজ বেলা সাড়ে তিনটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হবে নাগরিক সংবর্ধনা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁর সামনে পরিবেশনা করা হবে ওয়ার্দা রিহাবের কোরিওগ্রাফিতে এই আয়োজনটি। আর পেছনে বাজবে পারভেজ, জয়, কিশোরের সংগীতায়োজনের গানগুলো।