আজ ‘ইলিয়াসের খোঁয়ারি’
ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে সানডে জার্মান/বাংলা মুভি নাইটে আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে শিবু কুমার শিল পরিচালিত প্রামাণ্যচিত্র ‘ইলিয়াসের খোঁয়ারি’।ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও গ্যেটে ইনস্টিটিউটের যৌথ আয়োজনে প্রতি মাসের শেষ রোববার একটি বাংলা ও একটি জার্মান চলচ্চিত্র প্রদর্শিত হয়। এবারের আয়োজনে ‘ইলিয়াসের খোঁয়ারি’ ছাড়া আরও থাকছে থমাস আরস্ল্যান পরিচালিত জার্মান চলচ্চিত্র ‘ফেরিন’।বিকেল পাঁচটায় ‘ইলিয়াসের খোঁয়ারি’র পরিচালক শিবু কুমার তাঁর চলচ্চিত্রটির মূল উপজীব্য ও নির্মাণ অভিজ্ঞতার ওপর বক্তব্য দেবেন। তারপর যথাক্রমে বাংলা ও জার্মান চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বিকেল পাঁচটা ৩০ ও পাঁচটা ৫০ মিনিটে। সব শেষে নির্মাতা ও দর্শকদের মধ্যে মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে।‘ইলিয়াসের খোঁয়ারি’ প্রসঙ্গে নির্মাতা শিবু কুমার শিল জানিয়েছেন, ‘১৯৭৫ সালে আখতারুজ্জামান ইলিয়াস ‘খোঁয়ারি’ গল্পটি লিখেছিলেন। এই গল্পের ‘সমরজিত’ চরিত্রটি তিনি রচনা করেছিলেন তাঁর বন্ধু রণজিত পালকে নিয়ে। বাস্তবের রণজিত কীভাবে গল্পের সমরজিত চরিত্রে রূপান্তরিত হলো সেই বিষয়টিকে ইলিয়াসের খোঁয়ারি প্রামাণ্যচিত্রে তুলে ধরার চেষ্টা করেছি।’জমিদার পরিবারের ছেলে কবি রণজিত পাল চৌধুরী। তাঁর জবানিতে বর্ণিত হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘খোঁয়ারি’ গল্পের পেছনের পটভূমি। হানাদার বাহিনীর ভয়ে পারিবারিক ভিটা ছেড়ে নয় মাস রণজিত পাল ও তাঁর পরিবারকে দিন কাটাতে হয়েছিল পাশের দেশ ভারতের ছোট এক গ্রামে। মূল গল্পে ১৯৭১ সালের বাংলাদেশ আর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট উঠে এসেছিল এক রাতের আড্ডার আসরে। চলচ্চিত্রকারের নির্মাণশৈলী আর অনুসন্ধানী মননের এক চমত্কার সম্মিলন ঘটেছে ‘ইলিয়াসের খোঁয়ারি’ প্রামাণ্যচিত্রে। ২১ মিনিটের ক্ষুদ্র পরিসরে নির্মাতা তুলে ধরেছেন চৌধুরী পরিবারের দুর্দশার চিত্র।শিবু জানান, ‘১৯৭১ সালে রণজিত পালের মর্মস্পর্শী অভিজ্ঞতাসহ আবদুল মান্নান সৈয়দ ও শাহাদুজ্জামানের মতো বিদগ্ধজনের বক্তব্যের সমন্বয়ে মুক্তিযুদ্ধের প্রেরণা আর যুদ্ধপরবর্তী বাস্তবতার একটি তুলনামূলক চিত্র ফুটে উঠেছে এ প্রামাণ্যচিত্রে।’উল্লেখ্য, সেলিব্রেটিং লাইফ ২০০৮ উত্সবে ‘ইলিয়াসের খোঁয়ারি’ সেরা প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছিল। এ ছাড়া ২০০৯ সালে বাংলাদেশ প্রামাণ্যচিত্র উত্সব থেকে সেরা তরুণ প্রামাণ্যচিত্র নির্মাতার পুরস্কার লাভ করেন শিবু কুমার শিল।