আজ 'উত্তরের গেরিলা'
মাহবুব আলমের যুদ্ধকথন গেরিলা থেকে সম্মুখযুদ্ধে অবলম্বনে প্রামাণ্য-তথ্যচিত্র তৈরি করেছেন ইমন শিকদার। নাম উত্তরের গেরিলা। বিজয়ের মাস উপলক্ষে আজ চ্যানেল আইয়ে তা দেখানো হবে দুপুর সাড়ে ১২টায়।
ইমন ছবিটির কাজ শুরু করেন ২০০৬ সালে। শেষ করেছেন মাস পাঁচেক আগে। গত সেপ্টেম্বর মাসে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে উত্তরের গেরিলার উদ্বোধনী প্রদর্শনী হয়।
উত্তরের গেরিলার ব্যাপারে মাহবুব আলম বলেন, ‘ছবিটি তৈরির ব্যাপারে আমার থেকে ইমনকে যতটুকু সহযোগিতা করার সুযোগ ছিল, তার পুরোটাই করেছি। ইমনও খুব পরিশ্রম করেছে। শুনেছি ছবিটি তৈরি করতে গিয়ে ইমন নিজের একটি জমি বিক্রি করেছে।’
ইমন বলেন, ‘গেরিলা থেকে সম্মুখযুদ্ধে বইয়ের কিছু চুম্বক অংশ, যেগুলো আমাদের সবাইকে স্পর্শ করে; সেগুলোই এই ছবিতে বেশি গুরুত্ব দিয়েছি। ঘুরে বেড়িয়েছি এই বইয়ে উল্লেখ করা স্থানগুলোয়। বই থেকে পাওয়া কয়েকজন ব্যক্তির সাক্ষাৎকার রেখেছি। মাহবুব আলমের সাক্ষাৎকারও নিয়েছি।’
উত্তরের গেরিলা ছবিটির দৈর্ঘ্য ৪২ মিনিট ৩২ সেকেন্ড সময়।