আজ ‘চলচ্চিত্র মেলা’
বাংলাদেশের চলচ্চিত্রের ৫৫ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে ‘চলচ্চিত্র মেলা’। তৃতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হচ্ছে। বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। সঙ্গে অতিথি হিসেবে থাকবেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন (এনডিসি) এবং চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, এবার মেলায় বরেণ্য অভিনেত্রী আনোয়ারাকে আজীবন সম্মাননা দেওয়া হবে। বিশেষ সম্মাননা পাবেন চিত্রনায়ক আলমগীর, সোহেল রানা, উজ্জল ও ফারুক, ওরা ১১ জন ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম এবং সংগীতে বিশেষ অবদানের জন্য সৈয়দ আবদুল হাদী ও ফেরদৌসী রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রিয়াজ, আঁখি আলমগীর ও মুক্তি।মেলায় থাকবে পাঁচ দশকের চলচ্চিত্রের ঘটনা নিয়ে প্রামাণ্যচিত্রের প্রদর্শনী এবং নানা বিষয়ের ওপর ১৬টি স্টল। প্রয়াত চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের স্থিরচিত্র নিয়ে থাকবে প্রদর্শনী। অনুষ্ঠানে গান করবেন সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, রফিকুল আলম, কনকচাঁপা, মনির খান, আইয়ুব বাচ্চু, রিজিয়া পারভীন, আলম আরা মিনু, আগুন, সিঁথি প্রমুখ। থাকবে চলচ্চিত্রের শিল্পীদের নানা পরিবেশনা। এবার মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে কিউট। সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুরো আয়োজনটি সরাসরি দেখানো হবে চ্যানেল আইতে।