আজ 'দেশ'-এর দিন

আকরাম খান বসে আছেন, শান্ত ভঙ্গি। মুখে স্মিত হাসি। দেখে বোঝার উপায় নেই, ঢাকায় প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময় কাটছে তাঁর। খানিক আগে শেষ হয়েছে তাঁকে নিয়ে ‘বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে শিল্পের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা। ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এই বিশ্বখ্যাত নৃত্যশিল্পীকে ঘিরে তখনো উৎসুক মানুষের ভিড় কমেনি। এর মধ্যেই আকরাম খানকে প্রশ্ন:
কেমন লাগছে বাংলাদেশ?
আকরামের জবাব, ‘এবারের সফরটা এমনিতেই আলাদা। কারণ, আমি ছুটি কাটাতে আসিনি। খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে। “দেশ” নিয়ে আমরা খুব বড়সড় একটা দল কাজ করছি। কোনো একটা পারফরম্যান্স একা কাউকে দিয়ে সফল হয় না।’
ঢাকায় আপনার ‘দেশ’ নিয়ে খুব মাতামাতি হচ্ছে। জানেন তো?
‘ও তাই নাকি? আমি চেষ্টা করি অন্তত পরিবেশনার কাছাকাছি সময়গুলোতে পত্রপত্রিকার দিকে বেশি মনোযোগ না দিতে। এটা মনের ওপর চাপ তৈরি করে অনেক সময়।’
বিশ্ব ঘুরে আকরাম খানের ‘দেশ’ ফিরেছে তাঁর শিকড় বাংলাদেশে। সেই ফেরাটাকে আকরাম খানের মতো বিশ্বখ্যাত নৃত্যশিল্পী স্মরণীয় করে রাখতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। সে চেষ্টায় কোনো ত্রুটি রাখতে চাইছেন না আকরাম। আর চাপটাও খুব সম্ভবত সে কারণেই।
ঢাকায় পা রেখে পয়লা দিনেই আকরাম শিল্পকলা একাডেমীতে শুরু করেছেন কঠিন অনুশীলন। দুপুরে শুরু করে মহড়া চলেছে রাত অবধি। আজ সেই মহড়ার চূড়ান্ত রূপ দেখার দিন।
ঢাকার শিল্পকলা একাডেমীতে আজ সন্ধ্যায় প্রথমবারের মতো বাংলাদেশ মাতাবে আকরাম খানের ‘দেশ’।
আকরামের নিজের কথায়, ‘বাংলাদেশি জীবনধারার মিলনাত্মক ও বিয়োগান্ত’ দুটি দিক নিয়ে ৮০ মিনিটের এই পরিবেশনা।
আজ আকরাম খানের ‘দেশ’-এর দিন।