আজ ‘বিজয় মেলা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের কার্যালয়ে আজ ‘বিজয় মেলা’র আয়োজন করা হয়েছে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, বেলা ১১টায় কবুতর উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করবেন ২২ জন খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যসহ আরও অনেকে। চ্যানেল আই চত্বরে স্থাপিত মঞ্চ থেকে বেলা দুইটা পর্যন্ত প্রচার করা হবে গান, নাচ, আবৃত্তি, স্মৃতিচারণা। থাকছে বই, মুক্তিযুদ্ধের আলোকচিত্র, চলচ্চিত্র ও ডায়েরির প্রদর্শনী। কয়েকজন চিত্রশিল্পী চিত্রাঙ্কন করবেন। ফরিদুর রেজা সাগর বললেন, ‘নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এবং বিজয়কে তুলে ধরা আমাদের এই মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’ বিজয় মেলা পরিচালনা করছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। চ্যানেল আই এই বিজয় মেলা সরাসরি সম্প্রচার করবে।