আজ 'স্বনন'এর ৩০ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্ব​নন’ ৩০ বছর পূর্তির পোস্টার
‘স্ব​নন’ ৩০ বছর পূর্তির পোস্টার

দুপরের সূর্যটা একটু হেলে পড়লেই পর্দা উঠবে স্বননের ৩০ বছর পূর্তি উৎসবের। এমনটাই জানালেন আবৃত্তি সংগঠন স্বননের অনুষ্ঠান সচিব রুপা চক্রবর্তী। দেখতে দেখতে ৩০ বছর। হাটি হাটি পা পা করে সময় গড়িয়েছে অনেক। আশির দশকে যে কয়েকটি আবৃত্তির সংগঠন মাথা তুলে জানিয়ে দিয়েছে তাদের আগমনী বার্তা, তাদের মধ্যে স্বনন একটি। শুরু থেকে দলের সঙ্গে আছেন রুপা চক্রবর্তী। বললেন, ‘দলগতভাবে আবৃত্তির চর্চা আদতে ওই সময় থেকেই শুরু। তবে স্বননের বৈশিষ্ট্য হলো, এটি শুধু কবিতা আবৃত্তির মধ্যেই সীমাবদ্ধ নেই। স্বনন শ্রোতাদের সামনে এনেছে সাহিত্যর নানান মাধ্যম। হতে পারে সেটা উপন্যাস, গল্প, গান, এমনকি ব্যক্তিগত চিঠিও। আমরা আসলে আবৃত্তিকে সব ধরনের শ্রোতার কাছে পৌঁছাতে চেয়েছি।’

সেই ‘পৌঁছানো’র দুরত্বটুকু কতটা ঘুঁচলো সেই প্রশ্নের উত্তর শ্রোতারাই ভালো বলতে পারবেন। তবে এই ৩০ বছরে এতটুকু থেমে থাকেনি স্বনন। সংগঠনটি তার জায়গায় থেকে কাজটা করেছে নিপুণভাবে। কখনো শিশুদের নিয়ে, কখনো সব বয়সীদের নিয়ে বারবারই মঞ্চে এসেছে তারা।

তবে এবারের বর্ষপূর্তি উৎসবটি আলাদা। বেলা তিনটায় জাতীয় নাট্যশালায় শুরু হবে অনুষ্ঠান। একক ব্যক্তি নয়, উদ্বোধনের জন্য আমন্ত্রিত হয়েছেন নানা মাধ্যমের বিখ্যাত মানুষেরা। ওড়াবেন শান্তির প্রতীক। শুভেচ্ছা আর কথামালার ফাঁকে ফাঁকে ১১ টি আবৃত্তি সংগঠন হাজির হবে তাদের পরিবেশনা নিয়ে। থাকবে একক আবৃত্তিও। এ ছাড়া বরাবরের মতো এ বছর আজীবন সম্মাননা দেওয়া হবে। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন আবৃত্তিকার আশরাফুল আলম।

তবে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কিন্তু শুধু বর্ষপূতির উদ্‌যাপন নয়। রুপা চক্রবর্তী বললেন, ‘আমরা চাই শান্তির পৃথিবী। আর বিশ্বের দরবারে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে। এ জন্য আবৃত্তি একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’ তাই এবারের উৎ​সবেও সবাইকে এ বার্তাই দিতে চায় স্বনন।