আজও বদলায়নি শাহরুখের ভালোবাসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিতে যেমন বাস্তবেও ঠিক তেমনি জনপ্রিয়তার চূড়োয় অধিষ্ঠিত এই অভিনেতার জীবন, প্রেমময়। সম্প্রতি ভালোবাসা নিয়ে মন্তব্য করেছেন শাহরুখ খান। জানিয়েছেন, ভালোবাসার অর্থ তাঁর কাছে আগে যেমন ছিল—এই অর্জিত যশ, খ্যাতি, ক্ষমতা আর বিত্তের জাঁকজমকের ভিড়ে আজও ঠিক তেমনটিই আছে। এ প্রসঙ্গে শাহরুখ জানিয়েছেন, তাঁর কাছে ভালোবাসার অর্থ—দুজন মানুষের মধ্যকার গভীর এক সম্পর্ক, যা একান্তই দুজনার। তিনি মনে করেন, কেউ যখন ভালোবাসে, তখন তাঁকে তাঁর মতোই থাকা উচিত। তিনি বলেছেন, ‘আজও আমার কাছে ভালোবাসার অর্থ সেই এক রকমই আছে।’ এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।বলিউডের ‘কিং খান’খ্যাত শাহরুখ বলেন, ‘আমরা তখনই ভালোবাসার কাছ থেকে দূরে সরে আসি, যখন আমরা বড়-বিশাল কোনো বিষয়ে মন দিই।’ বলিউডের অসংখ্য রোমান্টিক ছবির এই সফল ও জনপ্রিয় ‘নায়ক’ বলেন, ‘আমি মনে করি, ভালোবাসায় খুব ছোট কিংবা সামান্য বিষয়ই মূল্যবান আর তা ভালোবাসার ক্ষেত্রে অপরিসীম গুরুত্ব রাখে। এই যেমন ভালোবাসার মানুষটির কথা শোনা।’ শাহরুখ বলেন, ‘আমি মনে করি মেয়েরা পুরুষদের চেয়ে ভালোবাসার বিষয়টি ভালো জানে।’চলচ্চিত্রের ক্ষেত্রেও ভালোবাসার বিষয়টি তাঁর কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে শাহরুখ বলেছেন, যখন তিনি কোনো চলচ্চিত্রে কাজ করেন তার অর্থ, ওই ছবির কাহিনি তাঁর ভালো লেগেছে, সেই কাহিনির প্রেমে পড়েছেন তিনি। যখন ছবির কোনো ভালোবাসার দৃশ্যে অভিনয় করেন তিনি, সে বিষয়টিও তাঁর কাছে ওই মুহূর্তে সত্যিকারের বলেই মনে হয়। এ প্রসঙ্গে পিটিআই জানিয়েছে, সম্ভবত এ কারণেই প্রেমের দৃশ্যে শাহরুখ এত অসাধারণ অভিনয় করেন। প্রসঙ্গত, এ মুহূর্তে শাহরুখ খান যশ চোপড়ার ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এই চলচ্চিত্রে শাহরুখের ভালোবাসার মানুষটির নাম ক্যাটরিনা কাইফ। ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রটি যশ চোপড়ার পরিচালিত শেষ ছবি হতে যাচ্ছে। যশ চোপড়া প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘আমার মনে হয়েছে, কেউ যদি কোনো রোমান্টিক ছবিতে কাজ করার কথা চিন্তা করেন, তাঁর উচিত যশ চোপড়ার সঙ্গে কাজ করা।