আজকের আঁচল

আঁচলের সঙ্গে কথা হলো ঈদের আগে। ঈদের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিস্তিমাত ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন তিনি। ওই সময় ছবির প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন। বিভিন্ন টিভি চ্যানেল আর এফএম রেডিওতে সাক্ষাৎকার দিয়েছেন। আঁচলের সঙ্গে কথা হবে আর তা প্রকাশিত হবে ঈদের পর। প্রথম আলোর কার্যালয়ে এলেন আঁচল, সঙ্গে কিস্তিমাত ছবির পরিচালক আশিকুর রহমান। জানালেন, দুটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে এসেছেন, সন্ধ্যার পর যেতে হবে আরও একটিতে। শুরুতেই হলো তাঁর ফটোসেশন।
আঁচল হয়তো ভেবেছিলেন, আলাপের শুরুতেই থাকবে কিস্তিমাত ছবির প্রসঙ্গ। না, আমরা কথা বলছি আজকের আঁচলের সঙ্গে।
আজকের আঁচল নিজেকে কীভাবে দেখছেন? আঁচল বললেন, ‘অল্প সময়ে অনেকটুকু এগিয়েছি। শুরুর দিনগুলোর কথা ভেবে মাঝেমধ্যে নিজেই অবাক হই। গত বছর আমার অভিনীত প্রেম প্রেম পাগলামি, জটিল প্রেম ও কী প্রেম দেখাইলা মুক্তি পেয়েছে। তিনটি ছবিই দর্শক দেখেছেন। অভিনয় করেছি শাকিব খানের সঙ্গে ফাঁদ ছবিতে। এই ধারাবাহিক সাফল্য আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।’
আঁচল তাঁর আজকের অবস্থান নিয়ে জানালেন, চলচ্চিত্রে তাঁর অবস্থান অনেকটাই মজবুত করেছে শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয়। এরপর তিনি বড় বাজেটের ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন। বললেন, ‘শাকিব খান জনপ্রিয় অভিনেতা। দেশজুড়ে তাঁর অসংখ্য ভক্ত। তাঁর সঙ্গে কাজ করার পর আমিও সেই দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি। ফাঁদ ছবিতে কাজের ফাঁকে শাকিব খানের কাছ থেকে চলচ্চিত্র নিয়ে অনেক কিছু জানার সুযোগ পেয়েছি।’
এবার কথা হবে কিস্তিমাত ছবি নিয়ে। আঁচলের মুখটা কেমন যেন ঝলমল করে উঠল। বললেন, ‘আমরা অনেক পরিশ্রম করেছি। এখন যে ধরনের ছবি হয়, কিস্তিমাত তা থেকে অবশ্যই আলাদা। ছবিটি যাঁরা দেখবেন, তাঁরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। ছবির প্রয়োজনে যা যা দরকার, তা-ই করা হয়েছে।’
আর কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘তখন ছিল খুব শীত। তার মধ্যে রাতে গানের দৃশ্যের শুটিং করেছি সিলেটের একটি হোটেলের সুইমিংপুলে। সেখানে তিন ঘণ্টা ঠান্ডা পানিতে ডুবসাঁতার দিতে হয়েছে। শট দেওয়ার পর মনে হচ্ছিল মারা যাচ্ছি। আবার পাহাড়ে যাওয়ার পথে মাঝখানে ছিল নদী। গাড়ি নিয়ে পার হওয়ার কোনো উপায় নেই। বিপদ হবে জেনেও দুটি নৌকা একসঙ্গে বেঁধে গাড়িসহ আমরা পার হয়েছি।’
ঈদের পর মুঠোফোনে কথা হলো আঁচলের সঙ্গে। এবার কিস্তিমাত নিয়ে তিনি বললেন, ‘দর্শক কিন্তু ছবিটি দেখছেন। আমার নিজের অভিনয়ের খুব প্রশংসা পাচ্ছি। আমি খুশি।’
আরেকটি সাফল্য আঁচলকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। এখন সামনের দিনগুলো নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন তিনি। বললেন, ‘নিয়মিত ব্যয়াম করছি। নাচের চর্চা করছি। দেশের এবং বিদেশের ছবি দেখছি। আশা করছি, এই সবই আমার কাজে লাগবে।’