আজকের আরফিন রুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানগুলো জনপ্রিয় হওয়ায় আমার নতুন একক অ্যালবামের ব্যাপারে শ্রোতাদের একটা প্রত্যাশা তৈরি হয়। তার একটা প্রভাব পড়েছে অ্যালবামের বিক্রিতে। শ্রোতারা আমার গানগুলো শুনছেন। এখন পর্যন্ত প্রশংসাই বেশি শুনছি। ‘অনেক দিন টানা কাজ করেছি—নিজের অ্যালবাম, বিভিন্ন জনের গানের সুর, চলচ্চিত্র আর নাটকের গান। এরপর টানা এক মাসেরও বেশি সময় বিশ্রাম নিলাম। আর আমি নিজেও হাঁপিয়ে উঠেছিলাম। মাথাটা একেবারে জ্যাম হয়ে গিয়েছিল। ভালো কিছু করার জন্য এই বিশ্রামটুকু খুব দরকার ছিল।’ বিশ্রাম থেকে ফিরে বললেন আরফিন রুমী। রোজার ঈদে এসেছে আরফিন রুমীর তৃতীয় একক অ্যালবাম ভালোবাসি তোমায়। জানা গেছে, ব্যবসায়িক দিক থেকে দারুণ সাফল্য পেয়েছে অ্যালবামটি। আর রুমীর ভাষায়, ‘গত তিনটি বছর এমন একটি সাফল্যের স্বপ্ন দেখেছি। আমার অন্য দুটি একক অ্যালবাম আরফিন রুমী (২০০৮) ও এসো না (২০০৯) এগুলো থেকে আমার চেষ্টাটা বোঝা যায়। বলতে পারেন, ওই দুটি অ্যালবাম থেকে আমি নিজেই অনেক কিছু শিখেছি। ওই দুটির কোনোটাই কিন্তু সফল হতে পারেনি। তবে আমার অভিজ্ঞতা বেড়েছে।’বাস্তবের সঙ্গে রুমীর এই আত্মোপলব্ধির যথেষ্ট মিল রয়েছে। হ্যাঁ, আরফিন রুমীকে শ্রোতারা প্রথম চিনেছেন একজন সফল সুরকার হিসেবে। তাঁর সুর করা গান গেয়ে অন্যরা জনপ্রিয় হয়েছেন। এই যেমন—কাজী শুভ ‘সোনা বউ’ (সাদামাটা), শফিক তুহিন ‘এর বেশি ভালোবাসা যায় না’ (স্বপ্ন এবং তুমি), পড়শির ‘তোমারই পরশ’ (পড়শি), ন্যান্সির সঙ্গে ‘চিঠি’ (এই তো ভালোবাসা)। সব কটি গানই কিন্তু শ্রোতারা পেয়েছেন গত বছর। এ বছরটিই আরফিন রুমীর সংগীতজীবনের জন্য খুব উল্লেখযোগ্য। রুমীর মতে, ‘এই গানগুলো জনপ্রিয় হওয়ায় আমার নতুন একক অ্যালবামের ব্যাপারে শ্রোতাদের একটা প্রত্যাশা তৈরি হয়। এর একটা প্রভাব পড়েছে অ্যালবাম বিক্রিতে। শ্রোতারা আমার গানগুলো শুনছেন। এখন পর্যন্ত প্রশংসাই বেশি শুনছি। এবার শ্রোতারা শিল্পী আরফিন রুমীকে পেয়েছে।’ভালোবাসি তোমায় অ্যালবামের ‘প্রিয়তমা’ গানটি শ্রোতারা বেশি শুনছেন। এই অ্যালবামে বাড়তি আকর্ষণ তৈরির জন্য ন্যান্সি, পড়শি, খেয়া আর কলকাতার এ সময়ের জনপ্রিয় শিল্পী শুভমিতার সঙ্গে দ্বৈতকণ্ঠের গান গেয়েছেন রুমী। জানালেন, এগুলোর ব্যাপারেও শ্রোতাদের যথেষ্ট আগ্রহ লক্ষ করছেন। রুমী বললেন, ‘আমার সংগীতের গুরু দুজন—হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির। হাবিব ভাই তো আমার আর শুভমিতার গানটি খুব পছন্দ করেছেন। শুভমিতাও সম্প্রতি কলকাতার তারা টিভিতে এক সাক্ষাৎকারে এ গানটি শুনিয়েছেন, আমার কাজের প্রশংসা করেছেন। তাঁর মতো একজন শিল্পীর কাছ থেকে এতটা প্রশংসা পাব, ভাবতেই পারিনি।’জানালেন, এ বছর শুভমিতা বাংলাদেশে এসেছিলেন। সুরটা আগেই তৈরি করা ছিল। তিনি এসে কণ্ঠ দিয়েছেন।রুমী তাঁর নতুন অ্যালবামের কাজ শুরু করেন ২০০৯ সালের শেষ দিকে। আর তা শেষ করেছেন এ বছর ৫ আগস্ট। একটি অ্যালবামের জন্য এতটা সময়? রুমী বললেন, ‘ভালো সুরের জন্য অপেক্ষা করছিলাম। শ্রোতাদের কাছে যাতে একঘেয়েমি মনে না হয়, এ ভাবনাটা সব সময়ই ছিল।’ভালোবাসি তোমায় অ্যালবামের পুরো কাজ রুমী নিজের বাসার স্টুডিওতেই করেছেন। এখানে কাজ করতে গিয়ে এক ভয়ংকর বিপদের মুখে পড়তে হয়েছিল তাঁকে। কাজ করতে করতে কখন বিদ্যুৎ চলে গেছে, টেরই পাননি। হঠাৎ দেখেন আইপিএসে আগুন ধরে গেছে। একটু ভীতু স্বভাবের হলেও তখন আর তা মনে ছিল না। ওই অবস্থাতেই ছুটে গিয়ে সুইচ বন্ধ করেন, আগুন নেভান।কোরবানির ঈদে এসেছে রুমীর সুর ও সংগীতায়োজনে প্রথম পূর্ণাঙ্গ মিশ্র অ্যালবাম নীলাঞ্জনা। গত বছর রোজার ঈদের আগে বেরিয়েছিল না বলা ভালোবাসা। ওখানে ছয়টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন তিনি। ওই ছয়টি গানের মধ্যে তাঁর গাওয়া ‘না বলা ভালোবাসা’, কাজী শুভর গাওয়া নতুন সংগীতায়োজনে রাধারমনের গান ‘আমারে আসিবার কথা কইয়া’ এবং আইয়ুব শাহরিয়ারের লোকগান ‘এত দুঃখ’ দারুণ জনপ্রিয় হয়েছিল। রুমীর আলাদা অবস্থান তৈরিতে অ্যালবামটি বড় ভূমিকা রেখেছিল। নীলাঞ্জনা অ্যালবামে গান করেছেন ন্যান্সি, মিলা, পড়শি, খেয়া, শহীদ, কাজী শুভ ও আইয়ুব শাহরিয়ার। রুমী নিজেও তিনটি দ্বৈত ও একটি একক গান গেয়েছেন। দ্বৈত কণ্ঠের গানগুলোতে রুমীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন পড়শি, মিলা আর খেয়া। নীলাঞ্জনা অ্যালবাম তৈরি পেছনের কথা রুমী জানালেন এভাবে, ‘ধানমন্ডি ৮ নাম্বার ছবির জন্য ছয়টি গান তৈরি করেছিলাম। পরে নানা কারণে ছবিটি আর করা হয়নি। ওটা আর হবেও না। ছবির গানগুলো নিয়ে এবার অ্যালবাম করেছি। ওই ছয়টির সঙ্গে আরও কয়েকটি গান করেছি।’রুমীর গল্পটা মাত্র ছয় বছরের। শুরুতে তিনি ছিলেন জিঙ্গেলশিল্পী। এরপর তাঁর সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হয়ে ওঠা। রুমীর গানে হাবিব ও ফুয়াদের যথেষ্ট প্রভাব রয়েছে। রুমীর মতে, ‘অনেকটা সময় তাঁদের খুব কাছাকাছি থাকার সুযোগ পেয়েছি, তাই ওই রকম হওয়াটাই স্বাভাবিক। তবে আমি খুব সচেতনভাবে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।’এরই মধ্যে ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন রুমী—কমন জেন্ডার, এই তো ভালোবাসা, মোস্ট ওয়েলকাম, লালটিপ, পিতা-পুত্রের গল্প ও প্রজাপতি। জানালেন, এর মধ্যে কোনোটিতে তিনি গান গেয়েছেন, কোনোটিতে গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন, আবার কোনোটির আবহসংগীত তৈরি করেছেন। নাটকের জন্য তৈরি করেছেন শিরোনাম গান। তাতে নিজেও কণ্ঠ দিয়েছেন। রুমী এখন আবার নিয়মিত কাজ করছেন। সেই গানের সুর করা আর সংগীতায়োজন। জানালেন, চলচ্চিত্রের গানের কাজ জমে যাচ্ছে। তাই সারা রাত জেগে জেগে এখন শুধুই চলচ্চিত্রের গানের সুর ও সংগীতায়োজন নিয়ে ব্যস্ত আছেন তিনি। এখন কোন ছবির গানের কাজ করছেন? রুমী বলেন, ‘মুহাম্মদ মুস্তফা কামালের ছায়া-ছবির গানের কাজ।’