আজব দেশে সুজানা
ধারাবাহিকটির নাম এলিস ইন ওয়ান্ডারল্যান্ড। পরিচালক তাহের শিপনের মতে, ‘লুইস ক্যারলের সেই ধ্রুপদি সাহিত্যের সঙ্গে এই নাটকের গল্পের কোনো মিল নেই। শুধু নামটাই ব্যবহার করা হয়েছে। এতে ওয়ান্ডারল্যান্ড বলতে রূপক অর্থে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে বোঝানো হয়েছে।’ব্রিটিশ মেয়ে এলিস ঘটনাচক্রে বড় হয় বাংলাদেশি এক পরিবারে। তার বিয়ে হয়। শ্বশুরবাড়িতে তার ওপর নানা নির্যাতন করা হয়। একাধিকবার মৃত্যুর মুখোমুখি হলেও সে বেঁচে যায়। এরপর নানা ঘটনার মুখোমুখি হতে হয় এলিসকে। সব মিলিয়ে এলিস নিজেকে এক আজব দেশের মানুষ বলে মনে করে।এলিস চরিত্রে অভিনয় করেছেন সুজানা। বললেন, ‘আমি অনেক নাটকেই অভিনয় করেছি, কিন্তু এলিস চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। একে তো নামভূমিকায় অভিনয়, আর গল্পটাও অন্য ধরনের।’ এলিস ইন ওয়ান্ডারল্যান্ড লিখেছেন ফারজানা আফরীন, পরিচালনা করেছেন তাহের শিপন। নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে।