আজবের 'হাজার ভূতের রাজার দয়া'
আজবের গানগুলো একটু অন্য রকম। এই ব্যান্ডের সদস্য লাবিক কামালের মতে, লোক ও সমসাময়িক বাংলা সুরের সঙ্গে রক, ফাংক আর অলটারনেটিভ সুরের মিশ্রণে সংগীত তৈরি করছে আজব।
আজব ব্যান্ডের শুরুটা হয়েছিল ২০০০ সালে। ছয় বছর পর বাজারে আসে তাদের প্রথম অ্যালবাম। ব্যান্ডের নামেই অ্যালবামের নাম আজব। এরপর সাত বছর বিরতি। এবার এসেছে আজবের দ্বিতীয় অ্যালবাম। নাম হাজার ভূতের রাজার দয়া। প্রকাশ করেছে বেঙ্গল মিউজিক।
আজ সন্ধ্যা সাতটায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির মোড়ক খোলা হবে। সঙ্গে থাকছে আজব ব্যান্ডের গান।
দ্বিতীয় অ্যালবামের জন্য সাত বছরের বিরতি প্রসঙ্গে লাবিক কামাল বলেন, ‘এই সময়ে ব্যান্ডের সবাই অনেক বেশি পরিণত হয়েছে ও নিজেদের প্রস্তুত করেছে। হাজার ভূতের রাজার দয়া অ্যালবামের কাজ করা হয়েছে একটু সময় নিয়ে। গান নিয়ে ভাবনা, পরিকল্পনা আর তার বাস্তবায়নে যতটা সম্ভব নিখাদ আর মনমতো কাজ করতে চেয়েছি আমরা।’
অ্যালবামের সব কটি গানে বিদেশি বাদ্যযন্ত্র গিটার, বেজ আর ড্রামের সঙ্গে ব্যবহার করা হয়েছে দেশীয় বাদ্যযন্ত্র দোতারা, ঢোল ও খমক। অতিথি শিল্পী ছিলেন আনুশেহ আনাদিল, পবন দাস বাউল ও স্যাম মিলস।