আজম খান এখনো শঙ্কামুক্ত নন
পপসম্রাট, সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানের শারীরিক অবস্থা আজ সোমবার কোনো উন্নতি হয়নি, গতকালের মতোই রয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন। আজম খানের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তাঁর চিকিত্সায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কামরুজ্জামান চৌধুরী (রেডিওলজিস্ট) আজ বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান।কামরুজ্জামান চৌধুরী জানান, রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আজম খানকে একটি করে ওষুধ দেওয়া হচ্ছে। গত পরশু পর্যন্ত তাঁকে তিনটি করে ওষুধ দেওয়া হতো। গতকাল থেকে তাঁকে রক্তচাপের জন্য একটি করে ওষুধ দেওয়া হচ্ছে।পপগুরু আজম খানকে গত শনিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর আগে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে আজম খানের হার্ট অ্যাটাক হয়। এরপর তাঁকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে রাখা হয়। শুক্রবার সকালের দিকে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। স্কয়ার হাসপাতাল তাঁর চিকিত্সার জন্য সাত সদস্যের চিকিত্সক বোর্ড গঠন করে।প্রসঙ্গত, ২২ মে আজম খান তাঁর বাঁ হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ওই দিনই তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে আজম খানের মুখগহ্বরে-জিহ্বার নিচে ক্যানসার ধরা পড়ে। এরপর ১৪ জুলাই উন্নত চিকিত্সার জন্য শিল্পীদের সম্মিলিত উদ্যোগে পাঠানো হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তারপর ২০ জুলাই মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারের ইএনটি হেড-নেক সার্জন বিভাগের প্রধান অ্যান্ড্রু লয় হেং চেংয়ের তত্ত্বাবধানে আজম খানের মুখে সফল অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০১০-এ ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও একটি কেমোথেরাপি নেওয়ার পর কয়েকটি থেরাপি বাকি রেখেই দেশে ফিরে আসেন তিনি।