আজম খান ফাউন্ডেশনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসম্রাটখ্যাত আজম খানের ৬৩তম জন্মদিনে যাত্রা শুরু করেছে শিল্পী আজম খান ফাউন্ডেশন। গতকাল রোববার সন্ধ্যায় মতিঝিল কমিউনিটি সেন্টারে অনাড়ম্বর পরিবেশে ফাউন্ডেশনের কার্যক্রম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব, গীতিকার এবং আজম খানের উচ্চারণ ব্যান্ডের সদস্য এস এম দুলাল প্রমুখ।অনুষ্ঠানে ফকির আলমগীর বলেন, ‘এ দেশের সংগীতজগতে আজম খানের রয়েছে অনন্য অবদান। তিনি ব্যান্ডসংগীতকে জনপ্রিয় করেছেন। তবে এই শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান জানানো হয়নি। এটা খুবই দুঃখজনক।’ তিনি আজম খানকে মরণোত্তর সম্মাননা জানানোর জন্য সরকারের কাছে দাবি জানান। ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম খানের মেয়ে ইমা খান জানান, এই ফাউন্ডেশনের মাধ্যমে আজম খানের স্মৃতি সংরক্ষণ করা এবং তাঁর গানকে ছড়িয়ে দেওয়া হবে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। পরে আজম খানের বিখ্যাত গানগুলো পরিবেশন করে তাঁর হাতে গড়া ব্যান্ডদল ‘উচ্চারণ’ এবং তাঁর সহশিল্পীদের দল ‘জয় গুরু’।‘ফ্রম দ্য স্টেশন’ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছে তরুণ শিল্পী নিত্যানন্দ গাইনের প্রথম একক ছাপচিত্র প্রদর্শনী। ‘ফ্রম দ্য স্টেশন’ শীর্ষক এ প্রদর্শনীতে রয়েছে ৩২টি শিল্পকর্ম।‘অপেক্ষা’ শিরোনামের চিত্রকর্মে দেখা যায় কোনো এক সড়কে বাসের জন্য লাইন ধরে প্রতীক্ষারত যাত্রীরা। ‘সংগ্রাম’ শীর্ষক ছবিতে উদ্ভাসিত হয়েছে জীবনযুদ্ধের নিষ্ঠুর বাস্তবতা। কলকাতার কোনো এক সড়কে দুই চাকার রিকশায় যাত্রী টেনে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। ‘হতাশা’ শীর্ষক ছবিটি যেন বলে যায় জীবনসংগ্রামে মানবের পরাজয়ের কথা। এ ছাড়া নারী, স্টেশনের জীবন, সাহায্যহীনতা, বৃদ্ধ, গান্ধীর সঙ্গে পথ হাঁটি শিরোনামের ছাপচিত্রগুলোও দারুণ নজর কাড়ে। নিত্যানন্দ গাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ভারত সরকারের বৃত্তি নিয়ে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে সম্মানজনক চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ভারতে অবস্থানকালে শিল্পী ৭৬তম সর্বভারতীয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ছাপচিত্রে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে হরেন দাশ স্মৃতি পুরস্কার পান। এ ছাড়া শিল্পী পশ্চিমবঙ্গ রাজ্য শিল্পকলা একাডেমী আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনীতে ছাপচিত্রের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন।‘ফ্রম দ্য স্টেশন’ প্রদর্শনী চলবে ১৪ মার্চ পর্যন্ত। আলোকচিত্রে বাংলাদেশের মুখজাতীয় চিত্রশালার দেয়ালে সাজানো ছবিগুলোতে উঠে এসেছে শাশ্বত বাংলার মুখ। সেখানে নিসর্গ, ঐতিহ্য, সংস্কৃতি, গ্রামীণ জীবনাচার, খাদ্য, মানুষ, ঐতিহাসিক নিদর্শন, পুরাকীর্তি, জীববৈচিত্র্যসহ ধরা পড়েছে ক্যামেরার লেন্সে। নান্দনিক এসব ছবি দেখে মুগ্ধ হবেন যে কেউ। পর্যটন বিষয়ের ছবি নিয়ে আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার ছবি নিয়েই এই প্রদর্শনী। গতকাল রোববার বিকেলে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।প্রতিযোগিতায় জমা পড়ে সাড়ে তিন হাজার ছবি। সেখান থেকে ৭১ জন প্রতিযোগীর বাছাই করা ১৮০টি ছবি নিয়ে শুক্রবার থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় শুরু হয় প্রদর্শনী। তিন দিনব্যাপী এ প্রদর্শনীর শেষ দিন ছিল গতকাল রোববার।গতকাল শিল্পকলা একাডেমীর চিত্রশালার মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে প্রথম পুরস্কার পেয়েছেন মমো মুস্তাফা, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন খালিদ রোহান এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন সাদিয়া রহমান।আব্দুল কাইয়ুম পাচ্ছেন আলতাফ আলী হাসু পদক ঋষিজ শিল্পী গোষ্ঠী প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমকে আলতাফ আলী হাসু স্মৃতি পদকের জন্য নির্বাচিত করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ কথা জানিয়েছে। ঋষিজ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার, গীতিকার, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হাসুর স্মৃতি রক্ষায় সম্মাননা প্রদান করে আসছে। গত ২ মার্চ আলতাফ আলী হাসুর ১৩তম মৃত্যুবার্ষিকীতে এবারের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।