আজম খান সম্মিলিত সামরিক হাসপাতালে, অবস্থা ভালো নয়
সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানকে চিকিত্সা সেবার জন্য গতকাল বুধবার রাতে স্কয়ার হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে।আজম খানের শারীরিক অবস্থা সম্পর্কে মেয়ে ইমা খান বলেন, ‘আজ বৃহস্পতিবার বাবার (আজম খান) সিটিস্ক্যানসহ আরও কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তবে এখনো সেগুলোর প্রতিবেদনগুলো পাওয়া যায়নি। এ ছাড়া আজ সকালে তাঁর চিকিত্সার জন্য কয়েকজন বিশেষজ্ঞ চিকিত্সকের সমন্বয়ে একটি বোর্ড মিটিং করেছেন বলেও শুনেছইমা খান আরও বলেন, ‘চিকিত্সকেরা আমাদের জানিয়েছেন, বাবার শারীরিক অবস্থা আসলে খুব একটা ভালো না।’উল্লেখ্য, গতকাল বুধবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজম খানকে দেখতে স্কয়ার হাসপাতালে গেলে আজম খানের পরিবার থেকে আবেদন জানানো হয়, তাঁকে যেন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাসেবা নেওয়ার সুযোগ দেওয়া হয়। রাষ্ট্রপতির ইতিবাচক আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই আজম খানকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।প্রসঙ্গত, গত ২২ মে আজম খান তাঁর বাঁ-হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ওই দিনই দ্রুত তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে আজম খানের মুখগহ্বর-জিহ্বার নিচে ক্যানসার ধরা পড়ে। এরপর ১৪ জুলাই উন্নত চিকিত্সার জন্য শিল্পীদের সম্মিলিত উদ্যোগে পাঠানো হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তারপর ২০ জুলাই মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারের ইএনটি হেড-নেক সার্জন বিভাগের প্রধান অ্যান্ড্রু লয় হেং চেংয়ের তত্ত্বাবধানে আজম খানের মুখে সফল অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০১০-এ ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও একটি কেমোথেরাপি নেওয়ার পর কয়েকটি থেরাপি বাকি রেখেই তিনি দেশে ফিরে আসেন।