আজম খান স্মরণে গাইবে ফিডব্যাক
বাংলাদেশের ‘পপগুরু’খ্যাত সংগীতশিল্পী আজম খানের স্মরণে গান গাইবে রক সংগীতের শ্রোতাপ্রিয় ব্যান্ড ফিডব্যাক।শুক্রবার ৭ জুন রাতে আরটিভির লাইভ স্টুডিও কনসার্ট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’ এ গাইবে ফিডব্যাক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আজম খানের গড়া ব্যান্ড উচ্চারণের সাবেক ও বর্তমান সদস্য কাজী হাবলু ও রেবেল। সরাসরি গানের এ অনুষ্ঠানে উচ্চারণ ব্যান্ডের এই দুই সদস্য আজম খানকে নিয়ে স্মৃতিচারণও করবেন বলে জানান ফিডব্যাক ব্যান্ডের অন্যতম সদস্য ফোয়াদ নাসের বাবু। প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে ফোয়াদ নাসের বাবু বলেন, ‘বাংলাদেশের পপ সংগীতের গুরু আজম খান স্মরণে এই অনুষ্ঠান। তাই সরাসরি গানের এই অনুষ্ঠানে নিজেদের ব্যান্ডের গানের পাশাপাশি গাইব তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোও।’ফোয়াদ নাসের বাবু আরও বলেন, ‘শিল্পীর চেয়ে ব্যক্তি আজম খানের সঙ্গেই আমার পরিচয়টা বেশি ছিল। তিনি ছিলেন আমার বড় ভাইয়ের বন্ধু আর তাই পারিবারিকভাবেই তাঁর সাথে আমার সখ্য ছিল বেশি। তাঁকে যতই দেখেছি ততই অবাক হয়েছি। তারকাদের তারকা হয়েও একজন মানুষ কতটা সাধারণ জীবনযাপন করতে পারেন তা আজম খানকে না দেখলে তা বিশ্বাস করতে পারতাম না। সরাসরি গানের অনুষ্ঠানে তাঁকে স্মরণ করতে পারব ভেবে ভালোই লাগছে।’ অ্যানির উপস্থাপনায় ‘ওয়ালটন স্টুডিও কনসার্টটি’র প্রচারিত হবে কাল রাত বারোটা ৫ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটির প্রযোজক সফিক পাহাড়ি।