আজম খানকে নিয়ে অবৈধ বাণিজ্যের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি ছাড়াই পপগুরু আজম খানকে নিয়ে একধরনের সুবিধাবাদী গোষ্ঠী বাণিজ্যের চেষ্টা করছে। আজ শুক্রবার পপগুরুর পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়াত আজম খানের মেয়ে ইমা খান বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি— আজম খানের জনপ্রিয়তাকে পুঁজি করে একশ্রেণীর সুবিধাবাদী গোষ্ঠী কোনো ধরনের লিখিত অনুমতি ছাড়াই এমন অপতত্পরতায় লিপ্ত হয়েছে। এ অবস্থায় মোবাইল অপারেটর, কনটেন্ট প্রোভাইডার, প্রযোজনা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপতত্পরতা রোধে আজম খানের পরিবার কিংবা আইনত উত্তরাধিকারের লিখিত অনুমতিপত্র ছাড়া বাণিজ্যিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা আশা করব তারা সবাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’ইমা আরও বলেন, ‘পরিবারের সদস্যদের অনুমতিহীন এ ধরনের কাজ অবৈধ বলে গণ্য হবে। কারও বিরুদ্ধে যদি এ ধরনের কাজে লিপ্ত কিংবা জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ জানা যায়, ৬ জুন উত্তরাধিকারীদের লিখিত অনুমতি ছাড়া পপগুরুর ছবি-সংবলিত টি-শার্ট অথবা পোস্টার ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়। তখন পপগুরুর গাওয়া গানগুলোর রিমেক/রিমিক্স, মোবাইল ফোনের রিং টোন হিসেবে ব্যবহার এবং পুরোনো-নতুন গান মিলিয়ে অ্যালবাম বাজারজাতকরণ না করার জন্যও সবাইকে অনুরোধ করা হয়।