আজম খানকে নিয়ে খুদে গানরাজ
পপসম্রাট আজম খানকে উত্সর্গ করে তৈরি হচ্ছে খুদে গানরাজ অনুষ্ঠানের দুটি বিশেষ পর্ব। আজম খানকে স্মরণ ও তাঁর গান নতুন প্রজন্মের মধ্যে প্রচার করাই এ অনুষ্ঠানের লক্ষ্য বলে জানা গেছে। অনুষ্ঠানে আজম খানের পাঁচটি গান গাইবে খুদে গানরাজের খুদে শিল্পীরা। গানগুলো হলো ‘আলাল ও দুলাল’, ‘অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছো’, ‘রেল লাইনের ওই বস্তিতে’, ‘চুপ চুপ চুপ অনামিকা চুপ’ ও ‘ওরে সালেকা ওরে মালেকা’।অনুষ্ঠানে গানের পাশাপাশি আজম খানকে নিয়ে স্মৃতিচারণা করবেন অতিথি বিচারক ফেরদৌস ওয়াহিদ ও ফকির আলমগীর। অনুষ্ঠানের প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও সামিনা চৌধুরী নানাভাবে স্মরণ করবেন আজম খানকে। অনুষ্ঠানে আরও থাকবে পিলু মমতাজ ও ফিরোজ সাঁইকে স্মরণ এবং তাঁদের একটি করে গানের পরিবেশন।খুদে গানরাজ অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘পপগুরুর জন্যই আমাদের এই শ্রদ্ধাঞ্জলি। আশা করি, নতুন প্রজন্মের কণ্ঠে আজম খানের গান সবাইকে নাড়া দেবে।’আজম খান স্মরণে খুদে গানরাজের বিশেষ পর্বগুলো প্রচারিত হবে ১৬ ও ১৭ জুন রাত সাতটা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে।অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিশা।