আজম খানকে নিয়ে গান
আজম খানকে নিয়ে গান করেছেন রূপম, শফিক তুহিন ও মাহমুদ সানি। ‘গুরু তোমায় সালাম’ শিরোনামের এ গানটির ধারণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন হচ্ছে গানটির মিউজিক ভিডিও তৈরির কাজ। গানটির অন্যতম শিল্পী রূপম বলেন, ‘আজম খান সব সময়ই আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁকে দেখেই আমরা গান গাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছি। এখন তিনি অসুস্থ। আমরা চাই, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। সেই আহ্বান নিয়েই এই গান।’জানা গেছে, আরটিভিতে বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে গানটি নিয়মিত প্রচার করা হবে। গানের কথা লিখেছেন আফরিন এবং যৌথভাবে সুর করেছেন রূপম ও মাহমুদ সানি। মিউজিক ভিডিওটি তৈরি করছেন আরটিভির প্রযোজক তানিফ মাহমুদ। সম্প্রতি আজম খানের মুখগহ্বরের ঝিল্লির ক্যানসার (স্কামোস সেল কার্সিনোমা) ধরা পড়ে। জিহ্বার নিচে ছোট টিউমারের আকার নেওয়া রোগটি যাতে আর ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজম খানের চিকিৎসা চলছে।