আজম খানের অবস্থার অবনতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানের শারীরিক অবস্থার আজ শুক্রবার কিছুটা অবনতি হয়েছে। তাঁর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় আজ রক্ত দেওয়া হচ্ছে। আজম খানের মেয়ে ইমা খান প্রথম আলোকে এ কথা জানান।সিএমএইচ সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার আজম খানের সিটিস্ক্যানসহ আরও কয়েকটি পরীক্ষা করা হয়। এসব পরীক্ষার ফলে দেখা যাচ্ছে, তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে।ইমা খানও জানান, চিকিত্সকেরা তাঁদের জানিয়েছেন, আজম খানের শারীরিক অবস্থা আসলে ভালো নয়।আজম খানকে গত বুধবার রাতে স্কয়ার হাসপাতাল থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সেখানে তাঁর চিকিত্সার সার্বিক তত্ত্বাবধান করছেন সিএমএইচের চিকিত্সক কর্নেল পাশা। প্রসঙ্গত, ২২ মে আজম খান তাঁর বাঁ হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ওই দিনই দ্রুত তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে আজম খানের মুখগহ্বর-জিহ্বার নিচে ক্যানসার ধরা পড়ে। এরপর ১৪ জুলাই উন্নত চিকিত্সার জন্য শিল্পীদের সম্মিলিত উদ্যোগে পাঠানো হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তারপর ২০ জুলাই মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারের ইএনটি হেড-নেক সার্জন বিভাগের প্রধান অ্যান্ড্রু লয় হেং চেংয়ের তত্ত্বাবধানে আজম খানের মুখে সফল অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০১০-এ ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও একটি কেমোথেরাপি নেওয়ার পর কয়েকটি থেরাপি বাকি রেখেই তিনি দেশে ফিরে আসেন।